ডারবানে প্রথম দিনটা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরালি বিজয় তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। ছবি: রয়টার্স।
মুরালি বিজয় তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। ছবি: রয়টার্স।

ডারবানে জয়ের রেকর্ড, সর্বশেষ জোহানেসবার্গ টেস্ট, ক্যালিসের আকস্মিক অবসর ঘোষণা—সব মিলে এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে কিছুটা নিজেদের সঙ্গেও লড়তে হচ্ছে। সঙ্গত কারণেই ডারবানে বক্সিং ডে টেস্ট খেলতে নামার আগে ভারতীয় শিবির ছিলো চনমনে। মাঠে তার প্রভাব ভালোই বোঝা গেল। দিনে খেলা হলো মাত্র ৬১ ওভার। তাতেই ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৮১।  

ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং মুরালি বিজয় শুরুটা ভালই করলেন। স্টেইন-ফিল্যান্ডারকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছেন তাঁরা। ব্যক্তিগত ২৯ রানে প্রথম টেস্টের মতো ডারবানেও মরকেলের শিকার ধাওয়ান।

প্রথম উইকেট পতনের পর উইকেটে আসেন আগের টেস্টে দুর্দান্ত শতক হাঁকানো চেতেশ্বর পূজারা। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ৭৬। ক্যালিসের করা ৩৪তম ওভারে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতরান পূরণ করেন বিজয়। পরে অর্ধশতক করেন পূজারাও। অবিচ্ছিন্ন এ জুটিতে আসে ১৪০ রান।

৬১তম ওভারে আলো স্বল্পতায় ম্যাচ থেমে যায়। এরপর ৩০ ওভার বাকি থাকতেই শেষ হয় প্রথম দিনের খেলা। দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৮১। বিজয় অপরাজিত রয়েছেন ৯১ ও পূজারা ৫৮ রানে। রয়টার্স ও ওয়েবসাইট।