জোহানেসবার্গের চেয়ে খানিকটা মন্থর উইকেট। মন্থর আউটফিল্ড। ভারতের পেস আক্রমণে দুটি পরিবর্তন। কিন্তু এই বদল মাঠের ক্রিকেটকে খুব বদলাল না। ক্রিকেটে বরং ডারবান অনুসরণ করল জোহানেসবার্গকেই।
টস জিতে আবারও মহেন্দ্র সিং ধোনির বোলিং নেওয়া। প্রথম উইকেটের দেখা পেতেই ভারতীয় বোলারদের আবারও হাপিত্যেশ। আমলা-ডি ককের আবারও দেড় শ ছাড়ানো জুটি। ব্যতিক্রম, শেষে রাশ টেনে ধরতে পারল ভারতীয় বোলিং। তাতে স্কোর থমকে গেল তিন শর নিচে। কিন্তু ব্যাটিংয়ে তথৈবচ ভারতীয় ব্যাটসম্যানরা। যেখানে স্বাগতিকদের প্রথম উইকেট পড়েছে ৩৫.১ ওভারে, সেখানে ৩৫.১ ওভারেই ভারত অলআউট ১৪৬ রানে। ১৩৪ রানের হার, সিরিজও খুইয়েছে দলটি।
আগের ম্যাচে ১৫২ রানের জুটি গড়া আমলা-ডি কক জুটি কাল করেছে ১৯৪ রানে। আরেকবার প্রতিভার প্রমাণ রেখে ডি কক করেছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি (১০৬)। প্রাপ্য সেঞ্চুরিটা কাল ঠিকই পেয়েছেন আমলা, তাঁর দ্বাদশ ওয়ানডে সেঞ্চুরি। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান বিনা উইকেটে ১৯৪! আরেকটি সাড়ে তিন শ স্কোরকে তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ডি কক ও তিনে উঠে আসা এবি ডি ভিলিয়ার্স পরপর দুই ওভারে ফিরে যেতেই ছন্দপতন। মোহাম্মদ সামি পরে এক ওভারেই ফেরান আমলা ও মিলারকে (০)। ডুমিনিও (২৬) ঝড় তুলতে না পারায় শেষ ১০ ওভারে আসে ৭০ রান, উমেশ যাদবের করা শেষ ওভারই দেয় ২০! বৃষ্টির কারণে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে দক্ষিণ আফ্রিকা করে ২৮০ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকার চার পেসার সতসোবে (৪), স্টেইন (৩), মরকেল (২) ও ফিল্যান্ডার (১) মিলেই নিয়েছেন ১০ উইকেট। ওয়েবসাইট।
ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে দ্রুততম ৪ হাজার রান এখন হাশিম আমলার। আমলার লেগেছে ৮১ ইনিংস, রিচার্ডসের ছিল ৮৮, বিরাট কোহলির ৯৩।
সবচেয়ে কম ইনিংসে ১২ সেঞ্চুরি করে আমলা (৮১) ছাড়ালেন কোহলিকে (৮৩)।
টানা দুই ম্যাচে আমলা-ডি ককের দেড় শ রানের উদ্বোধনী জুটি। এর আগে একবারই এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানের সেলিম এলাহি ও তৌফিক উমর, ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
প্রথম ফিফটির আগে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে কুইন্টন ডি কক ছুঁলেন কামরান আকমল ও ডেনিস অ্যামিসকে। ফিফটি নেই, কিন্তু ৩টি সেঞ্চুরি!
বয়স ২১ হওয়ার আগেই ৩টি সেঞ্চুরি করে ডি কক ছুঁলেন শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদকে। ৪ সেঞ্চুরির রেকর্ড আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের।