ডার্বির আগে সতর্ক ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার বহুকাঙ্ক্ষিত সেই ম্যানচেস্টার ডার্বি। তার আগে অ্যালেক্স ফার্গুসন নিজ দলের খেলোয়াড়দের এই বলে সতর্ক করে দিচ্ছেন, ম্যানচেস্টার সিটি এখন আর শুধু কথার খই ফোটানো দলটি নয়। নগরপ্রতিদ্বন্দ্বীরা শিরোপার লড়াইয়ে টিকে থাকতেই এসেছে। সুতরাং সাবধান!নব্য-ধনী ম্যান সিটিকে একসময় ফার্গুসন বলতেন ‘হইচই করা’ প্রতিবেশী। সেই ফার্গুসনের এখন বিশ্বাস, ইংলিশ ফুটবলে ম্যানইউর রাজত্বে ম্যান সিটিই আগামীর বড় হুমকি। আসলে বিজ্ঞ ফার্গি মনোভাব পরিবর্তনে বাধ্য হয়েছেন। তাঁর ভাষায়, ম্যান সিটি এখন শিরোপাপথে ম্যানইউর প্রধান প্রতিদ্বন্দ্বী।৩৫ ম্যাচ শেষে ৩ পয়েন্টে এগিয়ে ম্যানইউ। ৮৩ পয়েন্ট তাদের, সিটির ৮০। এ অবস্থায় সোমবার ম্যানচেস্টার ডার্বিতে জিতলেই ম্যানইউকে টপকে শীর্ষে উঠে যাবে সিটি। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধান ওপরে তুলে দেবে সিটিকে। তাহলে ম্যানইউর ২০তম লিগ শিরোপার স্বপ্নটা বড় এক ধাক্কাই খাবে। কারণ, তখন বাকি থাকবে মাত্র দুটি ম্যাচ। ফার্গুসন তাই আরও একবার জানিয়ে দিলেন ম্যানচেস্টার ডার্বিতেই ঠিক হয়ে যাবে, কে জিতবে শিরোপা, ‘ম্যানস্টোর সিটির বিপক্ষে ম্যাচটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি। তারা খুব দূরে নয়। তারা এখন সরাসরিই আমাদের প্রতিপক্ষ।’মৌসুমের বেশির ভাগ সময়েই শীর্ষ ছিল সিটি। কিন্তু গত মাসে শীর্ষে ওঠা ম্যানইউর এ মাসের শুরুতে এগিয়ে যায় ৮ পয়েন্টে। অনেকেই তখন সিটির শিরোপা-স্বপ্ন শেষ মনে করেছিল। কিন্তু উইগানের কাছে ম্যানইউর ১-০ গোলের হার এবং এভারটনের সঙ্গে ৪-৪ ড্র সিটিকে আবার লড়াইয়ে ফিরিয়ে এনেছে। তার পরও অবশ্য রবার্তো মানচিনি চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন ম্যানইউকেই। ফার্গুসন অবশ্য এটিকে একটা কৌশল মনে করছেন, ‘সে (মানচিনি) সম্ভবত নিজের খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে চাইছে।’ এএফপি।