ডালগ্লিসের পর রজার্স
লিভারপুলের কোচবদলের খেলায় এবার যোগ হলো ব্রেন্ডান রজার্সের নাম। কেনি ডালগ্লিসের উত্তরসূরি হিসেবে গত শুক্রবার এই আইরিশকেই পরিচয় করিয়ে দিয়েছে লিভারপুল। চ্যালেঞ্জটা জানা, ফিরিয়ে আনতে হবে হারানো দিন। বেনিতেজ, হজসন, ডালগ্লিসরা যা পারেননি, ৩৯ বছর বয়সী রজার্স পারবেন অ্যানফিল্ডকে তা ফিরিয়ে দিতে? চ্যালেঞ্জটা সানন্দেই কাঁধে তুলে নিচ্ছেন রজার্স, ‘ফুটবলাররা ফুটবলারই। তারা শিখতে চায় এবং শিখেই উন্নতি করতে চায়। সব ধরনের খেলোয়াড়দের নিয়ে আমি তেমন কিছুই করি।’ একসময় ইংলিশ ফুটবলে একচ্ছত্র আধিপত্য ছিল লিভারপুলের। ম্যানচেস্টার ইউনাইটেডের আগে সর্বোচ্চ ১৮ বার লিগ শিরোপা উৎসব হয়েছে অ্যানফিল্ডে। অথচ সেই লিভারপুল সর্বশেষ লিগ জিতেছে সেই ১৯৮৯-৯০ মৌসুমে কেনি ডালগ্লিসের হাত ধরে। তার পর থেকেই পতনের গল্প।নিরুপায় হয়ে ২০১১ সালের শুরুতে আবার সেই ডালগ্লিসেরই শরণাপন্ন হয় লিভারপুল। সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা আশায় বুক বাঁধে, সাবেক কিংবদন্তি নিশ্চয়ই অন্ধকার অ্যানফিল্ডে আবার আলো ফোটাবেন! যেমনটা ফুটিয়ে ছিলেন প্রথম মেয়াদে। প্রায় ছয় বছরের প্রথম মেয়াদে লিভারপুলকে লিগ জিতিয়েছেন তিনবার। কিন্তু দ্বিতীয় মেয়াদে আর অ্যানফিল্ডকে আলোকিত করতে পারেননি ডালগ্লিস। জিতেছেন এবারের লিগ কাপ। সদ্য শেষ হওয়া মৌসুম ডালগ্লিসের লিভারপুল শেষ করেছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে থেকে। মৌসুমে জয় মাত্র ১৪টি! ১৯৫৩-৫৪ মৌসুমের পর লিগে এটাই লিভারপুলের সবচেয়ে বাজে মৌসুম। সপ্তাহ দুয়েক আগে বরখাস্ত হয়েই এর মূল্য দেন ডালগ্লিস। কালক্ষেপণ না করে উত্তরসূরিও খুঁজে নিল দ্রুতই। সোয়ানসি সিটিতে এই মৌসুম দারুণ কেটেছে রজার্সের। সোয়ানসি লিগ শেষ করেছে ১১ নম্বরে থেকে। রজার্সের ‘আক্রমণাত্মক, নির্দয় কোচিং’ স্টাইলে মুগ্ধ লিভারপুলের চেয়ারম্যান টম ওয়ার্নারও। হোসে মরিনহোর বিশ্বাস, রজার্স লিভারপুল কর্তৃপক্ষের আস্থার প্রতিদান দিতে পারবেন। হাঁটুর সমস্যার কারণে মাত্র ২০ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনের ইতি টানা রজার্স একসময় মরিনহোর সহকারী ছিলেন চেলসিতে। ওয়েবসাইট।