ডায়াবেটিসের বিরুদ্ধে মাশরাফির বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। কাল রাজধানীর ডেনমার্ক দূতাবাসে l প্রথম আলো
ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। কাল রাজধানীর ডেনমার্ক দূতাবাসে l প্রথম আলো

গায়ে পরা সাদা টি-শার্টে লেখা ‘চেঞ্জিং ডায়াবেটিস। আসুন ডায়াবেটিস প্রতিরোধে এক হই।’ কালো ফ্রেমের চশমায় হাসি হাসি মুখে ঢাকার ডেনমার্ক দূতাবাসে ঢুকলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ককে অভ্যর্থনা জানান ইয়াকব হগার্ড—ডেনিস দূতাবাসের ডেপুটি হেড। ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্ক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যৌথভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এবার মাশরাফিকে করা হয়েছে শুভেচ্ছাদূত।
বক্তারা ডায়াবেটিস নিয়ে সচেতনতার কথা বললেন। কিন্তু বক্তার নাম যখন মাশরাফি, ক্রিকেট নিয়েও তো কিছু বলতে হয় তাঁকে! প্রথমে আপত্তি জানালেও পরে ইংল্যান্ড-বাংলাদেশ চলমান টেস্ট সিরিজ নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানালেন জাতীয় দলের পেসার। পনেরো মাস পর টেস্ট খেলতে নেমেও বাংলাদেশ যেভাবে লড়াই করেছে তাতে খুশি ১৬৬টি ওয়ানডে ম্যাচে ২১৬ উইকেটের মালিক, ‘দীর্ঘ ১৫ মাস পরে যদি টেস্ট খেলতে নামি তাহলে তো অভিজ্ঞতা কখনোই ভালো হবে না। আমরা ওই সময় টি-টোয়েন্টি ও ওয়ানডে বেশি খেলেছি। মুশফিককে দেখুন, এত দিন খেলেও সে কাল ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামবে। কিন্তু ওর পরে অভিষিক্ত অ্যালিস্টার কুক এক শর ওপরে টেস্ট খেলে ফেলেছে। আপনি যদি টেস্ট ম্যাচ খেলেন পনেরো মাস বা দুই বছর পর পর, সেটাকে কখনোই ভালো অভিজ্ঞতা বলা যাবে না। সুতরাং ওই জায়গা থেকে দেখলে আমরা যথেষ্ট ভালো করেছি।’
জিততে জিততে হেরে যাওয়ায় সবার মতো মাশরাফিরও মন খারাপ। তবে তাঁর কাছে এটাই পরের টেস্ট জয়ের অনুপ্রেরণা, ‘আমরা প্রথম টেস্ট ম্যাচটি পাঁচ দিনে টেনে নিয়েছি। জেতার সুযোগ তৈরি করেছি। তবে যখন ভাগ্য আমাদের পক্ষে যাওয়ার কথা, সেটা ওদের সহায় হয়েছে। এ অবস্থায় দল হারলে একটু তো খারাপ লাগেই। এই টেস্টে আমাদের ছেলেরা যেভাবে খেলেছে এতে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আমার বিশ্বাস, ছেলেরা দ্বিতীয় টেস্টে খুব ভালো করবে। আমরা চাই, এটা একটা ভালো টেস্ট ম্যাচ হোক।’
টেস্ট প্রসঙ্গের আগে মাশরাফি কথা বলেন ডায়াবেটিস নিয়ে। নড়াইল এক্সপ্রেসের মা-ও ডায়াবেটিসের রোগী। মাশরাফি তাই এই রোগ সম্পর্কে একটু বেশিই সচেতন। ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণের জন্য সচেতনতা বাড়াতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন। অনুষ্ঠান শেষে দুই পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করেছে। ডায়াবেটিসের সচেতনতামূলক টি-শার্ট উন্মোচন করেন মাশরাফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক রাজন কুমারসহ অন্যরা।