
সামনেই বাংলাদেশের ‘বিশ্বকাপ’, সাফ ফুটবল। সে জন্য সর্বোত্তম প্রস্তুতিই হওয়া চাই। প্রস্তুতিকে আরও পরিশীলিত করে তুলতে অনুশীলনের জন্য আজ বাংলাদেশ দল ব্যাংকক যাচ্ছে। সেখানে ৯ দিনের অনুশীলন শিবির শেষ করে ফিরবে ৫ আগস্ট।
কদিন আগে থাইল্যান্ডে গিয়ে অনুশীলন ক্যাম্প করেছে ম্যানচেস্টার ইউনাইটেউসহ ইউরোপের বড় বড় দল। ইউনাইটেড তো প্রীতি ম্যাচে হেরেই গেছে একটি নির্বাচিত থাই একাদশের কাছে। থাইল্যান্ড দলের সঙ্গে এই সফরে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। ব্যাংকক পৌঁছে বাংলাদেশের কোচ প্রতিপক্ষের সঙ্গে কথা বলে ম্যাচের তারিখ ঠিক করবেন।
২০০৮ কলম্বো সাফ টুর্নামেন্টের আগেও বাংলাদেশ দল কয়েক দিন থাইল্যান্ডে অনুশীলন করেছিল। কাজেই দেশের বাইরে অনুশীলন ক্যাম্প করাটা নতুন নয়। অন্য দেশগুলো হরহামেশাই দেশের বাইরে ক্যাম্প করলেও বাংলাদেশের ফুটবলারদের এই অভিজ্ঞতা হয় কালেভদ্রে।
তাই এই সফর নিয়ে বেশ উদ্দীপ্ত বাংলাদেশ দল। কাল সংবাদ সম্মেলনে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ এটিকেই তুলে ধরলেন বড় প্রাপ্তি হিসেবে, ‘আশা করছি কোচ এই সফর থেকে দল গোছানোর কাজে এগিয়ে যাবেন।’ আর কোচ লোডভিক ডি ক্রুইফ এই সফরে সুযোগ দেখছেন দলটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নেওয়ার, ‘থাইল্যান্ডে আমি দলটাকে গড়ে তোলার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেব।’
শুধু অনুশীলন নয়, থাইল্যান্ডের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে কৌতূহলও হচ্ছে। গত নভেম্বরে থাইল্যান্ডের কাছে প্রীতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। এবার কী হবে? কোচ ডি ক্রুইফের উত্তর, ‘আমি সব সময় জিততে চাই। তবে বর্তমান প্রেক্ষাপটে থাইল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচের ফল নিয়ে ভাবছি না। এই সফরে দলটাকে ভালোভাবে দেখব, কোথায় কোথায় সমস্যা আছে তা বুঝতে পারব। এটিই আমার কাছে বড় বিষয়।’
৩৫ জন থেকে ২৪-এ নামিয়ে আনা দল নিয়েই নতুন এই অভিজ্ঞতা সঞ্চয়ে যাচ্ছেন ডি ক্রুইফ। ১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুর সাফ ফুটবলে স্কোয়াড হবে ২২ জনের। কাজেই হাতে সময় থাকায় খেলোয়াড়দের আরও দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন কোচ।
১১ আগস্ট পাকিস্তান দল ঢাকায় এলে ১৩ আগস্ট বাংলাদেশ-পাকিস্তান প্রীতি ম্যাচেও দল দেখার সুযোগ মিলছে। ১৬ আগস্ট পাকিস্তান দলকে অনুশীলন ম্যাচের প্রতিপক্ষ হিসেবে দেওয়া হচ্ছে বাফুফে একাদশ। কারণ পাকিস্তানও সাফ ফুটবলের অন্যতম দল হওয়ায় তাদের বিপক্ষে এই মুহূর্তে জাতীয় দলকে একটির বেশি ম্যাচ খেলাতে রাজি নন ডি ক্রুইফ।
বাফুফে কোচের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই সব করছে। কোচ যা চাইছেন, কোনো কিছুতেই ‘না’ নেই। কোচের চাহিদা পূরণে আনা হচ্ছে একজন ডাচ গোলরক্ষক কোচও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘আয়াক্স আমস্টারডামের একাডেমিতে কাজ করছেন, এমন একজন গোলরক্ষক কোচের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করছি, তিনি দ্রুতই ক্রুইফের কোচিং স্টাফে যোগ হবেন।’