এর চেয়ে ভালোভাবে বোধ হয় উপলক্ষটাকে উদ্যাপন করা যেত না। নিজের ৪০০তম ম্যাচে লিগে ২০০তম গোল করার সৌভাগ্য কয়জনের হয়? পরশু দারুণ সেই কীর্তিটাই গড়েছেন উদিনেসে স্ট্রাইকার আন্তোনিও ডি নাতালে। পরশু শিয়েভোর সঙ্গে অনেকটা অলক্ষ্যেই ২০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন। সিরি ‘আ’তে তাঁর চেয়ে বেশি গোল করেছেন মাত্র ছয়জন। বয়স হয়ে গেছে ৩৭, এবার কি তাহলে বিদায় বলবেন? না, সে রকম কোনো ইচ্ছাই তাঁর নেই, পাখির চোখ করছেন রবার্তো বাজ্জোর ২০৫ গোল। এএফপি।
অনুশীলনে ফ্যালকাও
রাদামেল ফ্যালকাও যে ইংলিশে লিগে খেলছেন, এটাই বোধ হয় অনেকে ভুলতে বসেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকেই চোটের জন্য সেভাবে খেলতেই পারেননি কলম্বিয়ান স্ট্রাইকার। এখন পর্যন্ত একটা ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেননি, গত ২০ অক্টোবর ওয়েস্ট ব্রমের সঙ্গে ম্যাচের পর মাঠেই নেই। আর্সেনালের সঙ্গে জয়টাও দেখেছেন দর্শক হিসেবে। তবে এবার ইউনাইটেড কোচ লুই ফন গাল ভালো একটা সংবাদ পেয়েছেন, প্রত্যাশার চেয়ে তাড়াতাড়িই পাচ্ছেন ফ্যালকাওকে। অনুশীলন করে দিয়েছেন এই ফ্যালকাও, সামনে হাল সিটির সঙ্গে ম্যাচেই হয়তো ফিরতে পারেন। গোলডটকম।
শিরোপা ক্রুজেইরোর
আবারও ব্রাজিলিয়ান লিগ জিতল ক্রুজেইরো। পরশু গইয়াসকে ২-১ গোলে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে বেলো হরিজন্তের ক্লাবটি। নিজেদের মাঠে মিনেইরোতে নিজেদের চতুর্থ শিরোপা উদ্যাপন করতে পেরেছে ক্রুজেইরো। এই ম্যাচের আগে সাও পাওলোর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে ছিল ক্রুইজেরো, সান্তোসকে ১-০ গোলে হারিয়েও তাই লাভ হয়নি সাও পাওলোর। এএফপি।
এমসিজিতে ফুটবল
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফুটবল! গত বছরই অবশ্য এটা হয়েছে, লিভারপুল একটা ম্যাচ খেলে এসেছিল সেখানে। স্থানীয় মেলবোর্ন ভিক্টরির সঙ্গে সেই ম্যাচে দর্শক ছিল ৯৫ হাজার! রিয়াল মাদ্রিদকে বোধ হয় এটাই অনুপ্রাণিত করে থাকবে। সামনের বছরেই প্রাক-মৌসুম প্রস্তুতিতে মেলবোর্নে একটা টুর্নামেন্ট খেলবে রিয়াল। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটা। শোনা যাচ্ছে, ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানও এই টুর্নামেন্টে খেলতে পারে। ১৬ জুলাই শুরু হয়ে আট দিন চলবে এই প্রতিযোগিতা। এএফপি।