ডি ভিলিয়ার্সের আসল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট আর ‘চোক’ শব্দটা পাশাপাশি বসলেই কারও বুঝতে সমস্যা হয় না কথা হচ্ছে কোন দল নিয়ে। প্রতিটি আইসিসি টুর্নামেন্টেই এই শব্দটি সঙ্গী হয় দক্ষিণ আফ্রিকার। এমন নয় যে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। দারুণভাবে শুরু করেও আসল সময়ে বারবার আচমকা ভেঙে পড়াতেই ‘চোকার’ ছাপটা লেগে গেছে প্রোটিয়াদের সঙ্গে। শুরু হচ্ছে আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট। যথারীতি প্রশ্নও উঠতে শুরু করেছে, চোকার ছাপটা কি মুছবে এবার, নাকি প্রোটিয়ারা হাঁটবে পুরোনো পথেই?গত ওয়ানডে বিশ্বকাপের সময় ‘চোকার’ শব্দটির বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছিলেন গ্রায়েম স্মিথ। দলের ভেতরে বা টিম মিটিংয়ে নিষিদ্ধ করা হয়েছিল শব্দটি। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠলেই যেন খেপে উঠতেন সেই সময়ের অধিনায়ক। উত্তর দিতেন কখনো কাঁটা কাঁটাভাবে, কখনো ক্ষোভের সঙ্গে, কখনো বা পাল্টা খোঁচা মারার চেষ্টা করেছেন প্রশ্নকর্তাকে। শব্দটাকে দূরে পাঠিয়েও লাভ হয়নি, বরং দেখা পেয়েছেন আবার। দোর্দণ্ড প্রতাপে দল উঠেছিল কোয়ার্টার ফাইনালে, সেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল শেষ আটের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে। কিন্তু ২২১ রান তাড়া করে হারতে হয় ৪৯ রানে!নেতৃত্ব বদলেছে। বদলেছে মনোভাবও। বিশ্বকাপ-ব্যর্থতার পরই ওয়ানডে নেতৃত্ব ছেড়েছেন স্মিথ, দায়িত্ব পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ‘চোকার’ শব্দটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ডি ভিলিয়ার্সও, তবে রণপরিকল্পনা তাঁর ভিন্ন। পিছু হটে নয়, বরং লড়তে চান সামনাসামনি। অতীতর সব দুঃসহ অভিজ্ঞতা আর ব্যর্থতা মেনে নিয়েছেন। বলছেন এবার লড়াই এই ‘চোকার’ ছাপকে নির্মূল করার।স্মিথের অভিজ্ঞতা মনে রেখেই হয়তো এক সাংবাদিক প্রশ্নটা করেছিলেন একটু ঘুরিয়ে, সহনীয়ভাবে। কিন্তু ডি ভিলিয়ার্স নিজেই টেনে আনলেন চোকার প্রসঙ্গ, ‘আমি জানি আপনি আসলে চোকিংয়ের প্রসঙ্গটিই আনতে চাইছেন এবং আমি এটা নিয়ে কিছু বলতে চাই...আমি লুকাব না, বরং এটিকে সামনে রেখেই এগিয়ে যাব। অতীতে আমরা চোক করেছি—এই শব্দটিই যদি আপনি বুঝিয়ে থাকেন এবং সেটা আমাদের ভালোভাবেই জানা। অতীতে আমাদের খুব বাজে কিছু অভিজ্ঞতা আছে, তবে আমি চাইব অতীতটা অতীত হয়েই থাকবে।’ডি ভিলিয়ার্সকে আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁর বদলে যাওয়া দল, ‘প্রায় নতুন চেহারার দল নিয়ে এসেছি আমরা। কঠোর পরিশ্রম করেছি। নতুন ম্যানেজমেন্ট, যারা দলে নতুন পরিকল্পনা নিয়ে এসেছে এবং প্রাণশক্তির জোগান দিয়েছে। এই টুর্নামেন্টকে আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখব, চেষ্টা করব চাপের মধ্যে জিততে।’ডি ভিলিয়ার্সের মনোভাব আর কথা যথেষ্টই আশা-জাগানিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকা কি পারবে জুজু তাড়াতে? আশাভঙ্গের ইতিহাস এত যে ডি ভিলিয়ার্সের হাতে ট্রফি না দেখা পর্যন্ত কেউ মনে হয় বিশ্বাস করবে না। ওয়েবসাইট।