ডি ভিলিয়ার্সের টানা তিন সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওয়ানডেটি খেলেছেন মাস তিনেক আগে, অনেকেই তাই হয়তো ভুলে গিয়েছিল দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে এবি ডি ভিলিয়ার্স। তবে ভোলেননি তিনি নিজে। সর্বশেষ দুই ওয়ানডেতে সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্স পরশু আরেকটি সেঞ্চুরি করে ছুঁলেন টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ড। হাশিম আমলার ব্যাট থেকে এল আরেকটি দৃষ্টিকাড়া সেঞ্চুরি। আর ওয়েস্ট ইন্ডিজকে ৬৬ রানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজের শুরুতেই এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।বৃষ্টিভেজা আউটফিল্ডের জন্য দেরিতে শুরু হওয়া ম্যাচ বৃষ্টিতে আরেকবার বাধা পায় ষষ্ঠ ওভারে। ম্যাচের দৈর্ঘ্যও তাই কমে যায় দুই ওভার করে। উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে স্মিথ-আমলার ৫৩ রানের জুটির পর চার রানের মধ্যে জ্যাক ক্যালিসকেও হারায় দক্ষিণ আফ্রিকা। তবে ইনিংসটা দিশা হারায়নি তৃতীয় উইকেটে আমলা-ডি ভিলিয়ার্সের ১২৯ রানের জুটিতে। আগের ছয় ইনিংসে তিনবার ৮০ পেরিয়েও তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তাই স্বস্তি হয়েই এসেছে ম্যাচসেরা আমলার জন্য।শুধু টানা তিন ইনিংস নয়, ক্যারিয়ারের সাত সেঞ্চুরির চারটিই করলেন ডি ভিলিয়ার্স গত ছয় ইনিংসে। ৬২ বলে ফিফটি ছুঁয়েছিলেন, পরের ফিফটিতে বল লেগেছে ৩৭টি। চারটি সেঞ্চুরিতেই স্ট্রাইক রেট এক শর বেশি। বলার মতো রান পাননি অবশ্য আর কেউ, এই দুজনের পর সর্বোচ্চ অভিষিক্ত ডেভিড মিলারের ১৬ বলে ২৩। শেষ ১০ ওভারে ৭ উইকেট হাতে নিয়েও তাই প্রোটিয়ারা তুলতে পেরেছে মাত্র ৬১। ৪৪ রানের মধ্যে আন্দ্রে ফ্লেচার ও ডোয়াইন ব্রাভোকে হারালেও ওয়েস্ট ইন্ডিজের আশা ছিল ক্রিস গেইল উইকেটে থাকায়। কিন্ত ৩৯ বলে ৪৫ রান করে গেইলের বিদায়ে লড়াইটা হয়ে যায় একতরফা। শেষ দিকে পোলার্ডের ৩৭ বলে ৪৪ স্রেফ ব্যবধানটাই কমিয়েছে। ওয়েবসাইট।দক্ষিণ আফ্রিকা: ৪৮ ওভারে ২৮০/৭ (আমলা ১০২, ডি ভিলিয়ার্স ১০২, মিলার ২৩; ব্রাভো ৩/৪০, রামপল ২/৪৬, টেলর ২/৬২)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.১ ওভারে ২১৫ (গেইল ৪৫, পোলার্ড ৪৪, সারওয়ান ৩৮, দিওনারায়ণ ২৬; মরনে মরকেল ৩/৪০, স্টেইন ২/৩৭, ম্যাকলারেন ২/৩৭, বোথা ২/৪৭, তোতসোবে ১/৩৪)।