ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ২৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ভিলিয়ার্সই যোগ্য অধিনায়কের মতো টেনে তুললেন দলকে।
ডি ভিলিয়ার্সই যোগ্য অধিনায়কের মতো টেনে তুললেন দলকে।

পাকিস্তানের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছিল খুবই ধীরগতিতে। ৪০ ওভার পর্যন্ত ওভারপ্রতি তিনের সামান্য বেশি ছিল রান রেট। ৪০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৫৪ রান। কিন্তু শেষ ১০ ওভারে ঝড় তুলে সংগ্রহটা অনেক বড় করে ফেলেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নির্ধারিত ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে জমা হয়েছে ২৬৮ রান। শেষ ১০ ওভারেই এসেছে ১১৪!

১৬তম ওভারে ৬২ রানেই তিন উইকেট হারানোর পর যথার্থ অধিনায়কের মতো শক্ত হাতে দলের হাল ধরেছিলেন ডি ভিলিয়ার্স। চতুর্থ উইকেটে ডু প্লেসিসের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে শুরুতেই সামলে নিয়েছিলেন প্রাথমিক ধাক্কা। এরপর পুরোটা সময়ই উইকেটে ছিলেন নির্ভরতার প্রতীক হয়ে। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ১০২ বলে ১১৫ রানের চমত্কার এক অধিনায়কোচিত ইনিংস।

এটি ভিলিয়ার্সের ১৫তম সেঞ্চুরি। ১৫ সেঞ্চুরির তিনটিই পাকিস্তানের বিপক্ষে, এটাই বলে দিচ্ছে, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান তাঁর কত পছন্দের। আজ ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলকও অতিক্রম করেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। পঞ্চম দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডেতে এই কীর্তি গড়লেন ডি ভিলিয়ার্স।

শেষ পর্যায়ে রায়ান ম্যাকলারেনের ২৪ বলে ২৭ ও ডেভিড মিলারের ১৫ রানের ছোট ইনিংস দুটিও ভালো অবদান রেখেছে এই দক্ষিণ আফ্রিকার এই বড় সংগ্রহের পেছনে। এর আগে ডু প্লেসিস ৪৬ ও কুইনটন ডি কক করেছিলেন ৩৪ রান। প্রথম ওভারেই হাশিম আমলার উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান।

পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার সাইদ আজমল। ১০ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডান হাতি অফ স্পিনার। দুটি উইকেট গেছে জুনায়েদ খানের ঝুলিতে। সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানের ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে এই ম্যাচটাও তারা হেরে যায় কি না কে জানে! এ প্রতিবেদন লেখার সময় মাত্রই ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

এই ক্রিকেট ম্যাচটির সর্বশেষ স্কোর জানতে মোবাইল থেকে C লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে