ডি মারিয়াই থাকতে চাননি!
লা লিগা জিততে পারেনি তো কী হয়েছে, লা ডেসিমা জয়টাই ছিল বড়। দশম চ্যাম্পিয়নস লিগ জয়ই রিয়াল মাদ্রিদকে আয়ের নতুন রেকর্ড গড়তে সাহায্য করেছে। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের আয় হয়েছে ৬০ কোটি ইউরো! আগের মৌসুমের চেয়ে যেটা ১০.৯ শতাংশ বেশি। সবসুদ্ধ গত মৌসুমে রিয়ালের মুনাফা ছিল ৩.৮ কোটি ইউরো, আগের মৌসুমে যেটা ছিল ৩.৬ কোটি।
দলবদলের বাজারেও এই মৌসুমে দেদার খরচ করেছে রিয়াল। হামেস রদ্রিগেজ, টনি ক্রুস, কেইলর নাভাসকে আনতে খরচ হয়েছে ১০ কোটি ইউরো। তবে অ্যাঙ্গেল ডি মারিয়া ও জাবি আলোনসোকে বিক্রি করে ৮.৫ কোটি ইউরোর মতো আয়ও করেছে। তার পরও ডি মারিয়া-আলোনসোকে ছেড়ে দেওয়ায় একটা অসন্তোষ জমেছে ভক্তদের মধ্যে। মার্কার কাছে ডি মারিয়ার ব্যাপারে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আত্মপক্ষ সমর্থন, ‘টাকাপয়সা-সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে ওর (ডি মারিয়া) সঙ্গে সমঝোতা হয়নি। আমরা আমাদের সাধ্যমতো সেরা প্রস্তাবটা দিয়েছিলাম। কিন্তু সেটা ওর পছন্দ হয়নি।”
কিন্তু ডি মারিয়ার প্রস্তাব কেমন ছিল? পেরেজের দাবি, সেটা রিয়াল মেনে নিলে ডি মারিয়া হতেন রোনালদোর পর সবচেয়ে বড় বেতনভোগী খেলোয়াড়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া (যে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়), আর কারও আয় এত নয়। ডি মারিয়ার চাহিদা মেটাতে গেলে সবার সঙ্গে ঠিক করা হতো না। ক্লাবের আর্থিক স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়ত।’ এএফপি।