ডি মারিয়াও গেলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া

ম্যাচের ৩৩ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তখন কী কেউ ভাবতে পেরেছিলেন টুর্নামেন্ট থেকেই বেরিয়ে যাচ্ছেন তিনি। এই বিশ্বকাপেই আর খেলা হচ্ছে না তাঁর! আর্জেন্টিনা দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ডি মারিয়ার এজেন্ট ইউজেনিও লোপেজের বরাত দিয়ে একাধিক পত্রপত্রিকার খবর, ডি মারিয়ার বিশ্বকাপ শেষ। লোপেজকে ডি মারিয়াই নাকি বলেছেন, বিশ্বকাপে তাঁর পক্ষে আর খেলা সম্ভব নয়।
রিয়ালের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে আসা ডি মারিয়া গ্রুপপর্বে নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি বটে, তবে সুইজারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ঠিকই চিনিয়েছেন নিজেকে। দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া একমাত্র গোলটি করেছেন। পরশু বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও শুরুটা করেছিলেন দারুণ। দলকে সেমিফাইনালে তোলা গঞ্জালো হিগুয়েইনের একমাত্র গোলে অবদান ছিল তাঁরও।
২৮ মিনিটের সময় গোল শট নিতে গিয়ে ঊরুতে প্রথম চোট পান ডি মারিয়া। পরে সাইডলাইনে এসে প্রাথমিক শুশ্রূষা শেষে মাঠে ফিরেছিলেন। কিন্তু একটু পরই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। চোট কতটা গুরুতর, সেটা না বললেও আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা জানিয়ে দেন ডি মারিয়াকে নিয়ে শঙ্কার কথাটাই, ‘ডি মারিয়ার চোটের কড়া মূল্যই দিতে হতে পারে আমাদের। অ্যাঙ্গেল তার ঊরুতে চোট পেয়েছেন।’
সাবেলার কথামতো, গতকালই ডি মারিয়ার পরীক্ষা-নিরীক্ষা হয়ে যাওয়ার কথা। সেই পরীক্ষা-নিরীক্ষার ফল কী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে তার আগেই ডি মারিয়ার এজেন্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার খবর। আগামী পরশু সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হল্যান্ড। নিঃসন্দেহে সেটাই হবে টুর্নামেন্টে আর্জেন্টিনার বড় অগ্নিপরীক্ষা। গোলডটকম।