ডি মারিয়ার জায়গায় কে?

চোটের কারণে আগামীকালের সেমিফাইনালে হল্যান্ডের বিপক্ষে থাকছেন না অ্যাঙ্গেল ডি মারিয়া। কোচ আলেসান্দ্রো সাবেলার কাছে আর্জেন্টিনার মিডফিল্ডারের বিকল্প কে হতে পারেন—এ নিয়ে জল্পনা-কল্পনার সীমা নেই। ডি মারিয়ার মতো একজন খেলোয়াড়ের বিকল্প, তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালের আগেই খুঁজে বের করা, কোচ সাবেলার নিশ্চয়ই গলদঘর্ম অবস্থা। ডাগআউট বসে থাকা আর্জেন্টিনার বাকি ফুটবলারদের মধ্যেও আছেন বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়—যাঁরা ডি মারিয়ার বিকল্প হিসেবে ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছেন। কিন্তু এঁদের মধ্য থেকে সত্যিকার বিকল্পটা খোঁজা সত্যিই কঠিন এক কাজ। প্রিয় পাঠক, চলুন না একটু চোখ বুলিয়ে নেওয়া যাক ডি মারিয়ার সত্যিকারের বিকল্প হতে সাবেলার তুরুপের তাস হিসেবে অপেক্ষায় আছেন কারা...
এনজো পেরেজ
বল দখলে ডি মারিয়ার মতো গতি কিংবা সাহস হয়তো নেই কিন্তু ব্যক্তিগত কৌশলে ভীষণ পারঙ্গম। সর্বশেষ মৌসুমে বেনফিকার হয়ে খেলা পেরেজ নির্বাচিত হয়েছেন পর্তুগিজ লিগের বর্ষসেরা খেলোয়াড়। এস্তাদিয়ান্তেসে দুই বছর খেলার জন্য পেরেজকে ভালোভাবেই জানেন আর্জেন্টিনা কোচ। গুরু-শিষ্য দুজনেরই দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ ‘কোপা লিবার্তাদোরেস (২০০৯)’ জয়ের অভিজ্ঞতা রয়েছে।
ম্যাক্সি রদ্রিগেজ
রক্ষণভাগকে আরও আঁটসাঁট, একই সঙ্গে আক্রমণ ধারালো করতে সাবেলা বেছে নিতে পারেন রদ্রিগেজকে। মধ্যভাগের দুই প্রান্তে সমানে কারিকুরি দেখাতে পারেন এ আক্রমণাত্মক মিডফিল্ডার। সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপাতে কতটা সিদ্ধহস্ত, সেটা ভালোই জানা আছে ফুটবলপ্রেমীদের। ২০০৬ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে মেক্সিকোর বিপক্ষে অসাধারণ এক গোলে তাক লাগিয়ে দিয়েছিলেন রদ্রিগেজ। টানা তিনটি বিশ্বকাপ খেলা এ অভিজ্ঞ সেনানীকে সাবেলা বেছে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
রিকার্ডো আলভারেজ
ধারণা করা হচ্ছে, ডি মারিয়ার জায়গাই আলভারেজই সাবেলার কাছে প্রথম পছন্দ। সৃষ্টিশীল এ মিডফিল্ডারের মূল শক্তি বাঁ পায়ে। যদিও এ বিশ্বকাপে মাত্র ২৭ মিনিট খেলার সুযোগ হয়েছে ইন্টার মিলান প্লে-মেকারের। আলভারেজের সুখ্যাতি মূলত শারীরিক বলিষ্ঠতার কারণে। তবে মধ্যমাঠে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে আলভারেজের জুড়ি মেলা ভার।
ফার্নান্দো গ্যাগো
গ্যাগোকে বলা হয় ‘মেসি-ইঞ্জিনের জ্বালানি’। এর উজ্জ্বল প্রমাণ পাওয়া গেছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ বসনিয়ার বিপক্ষে। বিশ্বকাপের নবীনতম দেশটির বিপক্ষে ধুঁকতে থাকা আর্জেন্টিনাকে তিনি পাল্টে দিয়েছিলেন দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে। মোড় ঘুরিয়ে দিয়েছিলেন খেলার। আর্জেন্টিনা যদি আক্রমণ কমিয়ে রক্ষণে বেশি মনোযোগ দেয়, তবে শুরু থেকেই হাভিয়ের মাচেরানো ও লুকাস বিগলিয়ার সঙ্গে বোকা জুনিয়র্স মিডফিল্ডার গ্যাগোর অন্তর্ভুক্তি নিশ্চিত হতে পারে।
অগুস্তো ফার্নান্দেজ
অন্যদের তুলনায় সুযোগটা একটু কমই। এ বিশ্বকাপে এখনো মাঠেই নামা হয়নি। তবে সাবেলা যদি হল্যান্ডের ভয়ংকর লেফট-উইং-ব্যাক ডেলি ব্লাইন্ডকে নিষ্ক্রিয় করতে চান, সে ক্ষেত্রে ফার্নান্দেজের মাঠে নামার সম্ভাবনা বেড়ে যেতে পারে।