ডি মারিয়ার দাম একটু বেশি!
পাঁচ কোটি ইউরোতে কদিন আগেই ডেভিড লুইজকে কিনেছে পিএসজি। তার আগে এডিনসন কাভানি, জ্লাতান ইব্রাহিমোভিচসহ আরও অনেকের জন্য দেদার টাকা খরচ করেছে। সেই পিএসজিই কিনা এখন বলছে, অ্যাঙ্গেল ডি মারিয়ার দামটা অনেক বেশি!
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ডি মারিয়া রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। হামেস রদ্রিগেজ আসার পর সেটা জোরালো হলো আরও। শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডসহ ডি মারিয়াকে কিনতে আগ্রহী তালিকায় আরও কয়েকটি ক্লাবের নামও শোনা গেল। পিএসজির নামটাই বেশি করে। দুই পক্ষে কথাবার্তাও নাকি গড়িয়েছিল অনেক দূর। কিন্তু এখন সেই সম্ভাবনা আর রইল না। পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি স্বীকার করেছেন, ‘রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আমাদের কথাবার্তা অনেক দূর এগিয়েছিল। কিন্তু ওর দামটা আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে। আমরা আলোচনা শেষ করে দিয়েছি।’
রিয়াল ডি মারিয়ার জন্য কত অর্থ চেয়েছিল, সেটা জানাননি খেলাইফি। তবে শোনা যাচ্ছে, অঙ্কটা সাড়ে সাত কোটি ইউরোর কম নয়। কিন্তু পেট্রোডলারের আশীর্বাদপুষ্ট পিএসজির কাছে এটা কি খুব বড় কিছু? লুইজকে কেনার পর এখন চাইলেও পিএসজি যথেচ্ছ ব্যয় করতে পারবে না। উয়েফার আর্থিক নীতি অনুযায়ী প্রতিটি ক্লাব খেলোয়াড় কেনার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের সীমা অতিক্রম করতে পারবে না। তবে পিএসজি সেই সীমা ছাড়িয়ে যাওয়ায় গত মৌসুমে তাদের ৬ কোটি ইউরো জরিমানা দিতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের জন্য স্কোয়াডে ২১ জনের বেশি খেলোয়াড়ও তারা রাখতে পারবে না। অবশ্য নীতিটা যদি মেনে চললে পিএসজি ৪ কোটি ইউরো ফেরত পাবে। হয়তো এ কারণেই ডি মারিয়ার জন্য এত অর্থ ব্যয় করার ইচ্ছায় লাগাম পরিয়েছে পিএসজি।
গত মঙ্গলবারই অবশ্য রিয়ালের হয়ে আবার অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন উইঙ্গার। এএফপি, গোলডটকম।