ডি মারিয়ার মনস্তাত্ত্বিক খেলা
নিজেদের দেশে বিশ্বকাপ। চেনা পরিবেশ, চেনা দর্শক। স্বাগতিক হিসেবে কি ব্রাজিলের ওপর চাপটা বেশি থাকবে? ৬৪ বছর আগের মারাকানাজোর দুঃখ এখনো ভুলতে পারেনি ব্রাজিল। কিন্তু বিশ্বকাপের দামামা বাজার পর থেকেই কোচ লুইস ফেলিপে স্কলারি বলে আসছেন, মারাকানাজোকে অনুপ্রেরণা বানিয়েই ব্রাজিলকে এবার জিততে হবে। বিশ্বকাপের দিন কয়েক আগে ব্রাজিলকে এই কথাটাই মনে করিয়ে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের অ্যাঙ্গেল ডি মারিয়া৷ আসলে এ কথা বলে ব্রাজিলের ওপর মনস্তাত্ত্বিক চাপটা চালান করে দিতে চাইছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার, ‘ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কনফেডারেশনস কাপ জিতেছে। তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, আমাদের চেয়ে ওরাই এখন বেশি চাপে থাকবে।’ ওয়েবসাইট।
বিশ্বকাপের আগে এমন মনস্তাত্ত্বিক খেলা খুব সাধারণ ব্যাপার । সে কারণেই ডি মারিয়া নিজেদের ওপরে কোনো প্রত্যাশার চাপ নিতেই রাজি নন, ‘সবাই জানে বিশ্বকাপ জেতাটা সহজ নয়। আর অনেক বছর ধরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি । ফাইনালেও যেতে পারেনি। তবে আমাদের অনেক কিছু নিয়েই নির্ভার থাকতে হবে। বিশ্বাস করতে হবে আমরা পারব।’