ডি রসির ইংল্যান্ড ‘জুজু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি ইংল্যান্ডকে কেন যেন ভয় পান। এর নেপথ্য কারণ হিসেবে তিনি বলেছেন, কোনো ইংলিশ দলের বিপক্ষে আজ পর্যন্ত সৌভাগ্য তাঁর পিছু নেয়নি।‘আজ্জুরি’দের নীল জার্সি গায়ে তিনি আজ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি। কিন্তু ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে অনেক ম্যাচে অংশ নিয়েছেন। কিন্তু কোনো ম্যাচেই তিনি ভালো খেলতে পারেননি অথবা সাফল্য তাঁর হাতে ধরা দেয়নি। রোববার ইংল্যান্ডের বিপক্ষে নিজ দেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে এই ‘জুজু’ তিনি তাড়াতে চান।বুধবার কাসা আজ্জুরিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ডি রসি এই মন্তব্য করেন।ইতালীয় সিরি ‘আ’য় তিনি খেলেন এএস রোমার হয়ে। তাঁর দল রোমার হয়ে দুবার ইংলিশ ক্লাব চেলসির কাছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে হারের তিক্ত অভিজ্ঞতা তাঁর আছে। তিক্ত অভিজ্ঞতা আছে, আর্সেনালের কাছে তাঁর দলের টাইব্রেকারে হারের। এর পাশাপাশি এএস রোমা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও দুবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হয়েছিল। তিনটি ইংলিশ ক্লাবের বিপক্ষে এতবার সাফল্যহীনতার অভিজ্ঞতায় ইংলিশ ফুটবলের ব্যাপারেই তাঁর একটি জুজু তৈরি হয়েছে। তাঁর ভয় ইউরোর কোয়ার্টার ফাইনালেও না আবার সেই জুজু তাঁকে তাড়া করে ফেরে।ইংলিশ জুজু তাঁর মনে থাকলেও ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে তাঁর রয়েছে ইংলিশ ফুটবলের প্রতি অগাধ শ্রদ্ধা। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বেশ কয়েকবারই তাঁর কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি তাঁর নিজ শহর রোমের ক্লাব এএস রোমায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তবে ডি রসি মনে করেন, এরই মধ্যে ইংলিশ ঘরোয়া ফুটবল ইতালীয় সিরি ‘আ’কে পেছনে ফেলেছে।রোববার কিয়েভে ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালের জন্য একপ্রকার মুখিয়েই রয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি ইংল্যান্ড দলকে অসম্ভব শ্রদ্ধা করি। এই দলটিকে দ্বিধাহীনভাবেই বিশ্বের শীর্ষ পাঁচ-ছয়টি দলের মধ্যে ফেলে দেওয়া যায়।নিজের ‘আদর্শ’ ফুটবলারের বিপক্ষে রোববার মাঠে নামবেন বলে উন্মুখ হয়ে আছেন এই ইতালীয় মিডফিল্ডার। স্টিভেন জেরার্ডকেই ফুটবলে তাঁর আদর্শ হিসেবে মনে করেন ডি রসি।ইতালি দলে সেন্ট্রাল ডিফেন্ডার ও মিডফিল্ড—এই দুই জায়গাতেই খেলার অভিজ্ঞতা আছে ডি রসির। এবারের ইউরোয় ইতালীয় রক্ষণের দুর্বলতার কারণে তাঁকে কোচ প্রানদেল্লি খেলাচ্ছেন ডিফেন্ডার হিসেবে। তবে খেলায় ডিফেন্সের পাশাপাশি লিবেরো হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে। যেমনটা ইংল্যান্ডের হয়ে করে থাকেন স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারবেন না জিওরর্জিও চিয়েলিনি। আর সে কারণেই ডি রসির সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ডি রসি খুশি তাঁর বহুমুখী ব্যবহারের জন্য। তিনি নিজে সবচেয়ে বেশি পছন্দ করেন ডিফেন্সের ঠিক ওপরে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে। কিন্তু ইতালির ফুটবলে ইতিহাসের অন্যতম সেরা মিডিও আন্দ্রেয়া পিরলোকে আপাতত সেই জায়গাটি ছেড়ে দিতে হয়েছে ডি রসির।তাঁকে ইতালীয় গণমাধ্যম ‘ভবিষ্যতের অধিনায়ক’ হিসেবে অভিহিত করতে খুব পছন্দ করে। রোমার এই সুদর্শন ফুটবলার অবশ্য আপাতত ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতেই বেশি ব্যস্ত। গণমাধ্যমের এই সম্ভাষণ একেবারে মন্দ লাগে না ড্যানিয়েল ডি রসির। ওয়েবসাইট।