ডি স্টেফানোকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলফ্রেডো ডি স্টেফানোর শেষযাত্রা। কাল সান্তিয়াগো বার্নাব্যুতে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা স্টেফানোর কফিনের পাশে দাঁড়িয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ l এএফপি
আলফ্রেডো ডি স্টেফানোর শেষযাত্রা। কাল সান্তিয়াগো বার্নাব্যুতে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা স্টেফানোর কফিনের পাশে দাঁড়িয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ l এএফপি

এক পাশে সাফল্যের সব স্মারক সাজানো। আরেক পাশে হাজার হাজার ভক্ত। সবাই শেষ দেখা দেখে নিচ্ছেন কিংবদন্তিকে। কাল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আলফ্রেডো ডি স্টেফানোকে শেষ বিদায় জানাতে ঢল নেমেছিল হাজারো জনতার। স্প্যানিশরা দল বেঁধেই এসেছে সর্বকালের অন্যতম এই সেরা ফুটবলারকে শ্রদ্ধা জানাতে। স্প্যানিশরা তো আসবেই, স্বৈরাচারী শাসক ফ্রাঙ্কোর শাসনামলে বিশ্বে স্পেনের ভাবমূর্তি যেটুকু উজ্জ্বল ছিল তার সবটাই যে ছিল রিয়াল মাদ্রিদ ও ডি স্টেফানোর সৌজন্যে।
পরশু ৮৮ বছর বয়সে পৃথিবীর মায়া কাটানো স্টেফানোর জন্ম ও বেড়ে ওঠা আর্জেন্টিনায় হলেও শেষ পর্যন্ত স্পেনই আপন করে নিয়েছিল তাঁকে। গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে রিয়াল মাদ্রিদের সর্বজয়ী দলের মুখ হয়ে ছিলেন কখনো বিশ্বকাপ না খেলা এই তারকা। ক্রীড়াঙ্গনের মানুষেরা তো বটেই, স্পেনের রাজপরিবার থেকে শুরু করে দেশটির গণমাধ্যম সবাই শ্রদ্ধা জানিয়েছে এই মহাতারকাকে।
কাল মাদ্রিদের ক্রীড়া দৈনিক মার্কার প্রথম পাতায় ডি স্টেফানোর ছোট একটি সাদা-কালো আলোকচিত্র ছাড়া আর কিছুই ছিল না। ডি স্টেফানোর সম্মানে রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সিটাও চিরতরে তুলে রাখার আহ্বান জানিয়েছে দৈনিকটি। প্রতিদ্বন্দ্বী দৈনিক এএস বড় করে দেখিয়েছে জেনারেল ফ্রাঙ্কোর আমলে ডি স্টেফানোর অর্জনকে, ‘১৯৫০-এর শেষ দিকের সেই দরিদ্র, একঘরে, বহির্বিশ্ব থেকে বিযুক্ত স্পেনের গর্বের বিষয় ছিল সামান্য কিছু জিনিস—রিয়াল মাদ্রিদ, ইউরোপিয়ান কাপ...এগুলো। ইউরোপ একমাত্র তখনই আমাদের কাছে মাথা নত করেছে, যখন সেখানে রিয়াল মাদ্রিদ ও ডি স্টেফানো ছিল।’ এএফপি।
ফুটবলে ডি স্টেফানোর অবদান স্মরণ করেছেন ফুটবলসম্রাট পেলেও। এখন যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লাতিন ফুটবলারদের রমরমা অবস্থা পেলে তার পুরো কৃতিত্বই দিলেন ডি স্টেফানোকে, ‘এখন লাতিন আমেরিকান ফুটবলার ও ইউরোপিয়ান ক্লাবের যে মেলবন্ধন সেটা পুরোপুরিই ডি স্টেফানোর কাজের ফসল।’