ডি স্টেফানো অন্তরীণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৮৬ তো কী হয়েছে, প্রেম কি বয়স মানে? রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ৮৬ বছর বয়সে বিয়ে করার ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। কনে তাঁর চেয়ে ৫০ বছরের ছোট জিনা গঞ্জালেস।তবে জিনা এবার বিশাল একটা বোমা ফাটিয়েছেন। এই ৩৬ বছর বয়সী কোস্টারিকানের অভিযোগ, ডি স্টেফানোকে একরকম অন্তরীণ করে রাখা হয়েছে। তিরটা স্টেফানোর পরিবারের দিকে, যারা চায় না বিয়েটা হোক। জিনার দাবি, ডি স্টেফানো যখনই কাউকে ফোন করার জন্য টেলিফোনে ডায়াল করেন, তখনই লাইনটা কেটে দেন পরিবারের সদস্যরা। ‘এটা পরিষ্কার, তাঁর স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে’—জিনার অভিযোগ। বাইরের জগৎ থেকেই নাকি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে রিয়ালের আজীবন সাম্মানিক সভাপতিকে। জিনা পুলিশের কাছেও অভিযোগ করতে গিয়েছিলেন। কিন্তু তাঁর আবেদনে কান দেয়নি মাদ্রিদ পুলিশ। এখন ব্যাপারটার সুরাহার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন, উয়েফা, ফিফা এমনকি আর্জেন্টাইন ফেডারেশনের হস্তক্ষেপ চেয়েছেন স্টেফানোর হবু স্ত্রী। এএফপি।