ডি স্টেফানোর বাধা পাঁচ সন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম মানে না কোনো বাধা। ৮৬ বছর বয়সে এসে তাঁর চেয়ে বয়সে পাক্কা ৫০ বছরের ছোট এক নারীকে বিয়ে করতে চলেছেন আলফ্রেডো ডি স্টেফানো। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি অবশ্য বয়সের বাধা পেরোলেও নতুন বাধার মুখে। এই বিয়ে যেন না হতে পারে, সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরই পাঁচ সন্তান। এমনটা যে হবে, সেটি অবশ্য আগেই অনুমান করেছিলেন রিয়ালের হয়ে পাঁচটি ইউরোপিয়ান কাপজয়ী এই আর্জেন্টাইন।

৩৬ বছর বয়সী কোস্টারিকান জিনা গঞ্জালেসকে কেন বিয়ে করতে চান জানিয়ে ডি স্টেফানো কদিন আগে এল মুন্ডোকে বলেছিলেন, ‘আমি এটা চাই, কারণ আমি আট বছর ধরে একাকী জীবনযাপন করছি।’ কিন্তু এই বয়সে বিয়ে করাটা শোভন নয়, এটা তাঁর মতো বিরাট এক ব্যক্তিত্বকে হাস্যাস্পদ করে তুলতে পারে—ডি স্টেফানোর সন্তানদের আশঙ্কা এমনটাই। পাশাপাশি রিয়ালের সাম্মানিক সভাপতির দায়িত্ব পালন করা ডি স্টেফানোর সম্পদও তাঁরা রক্ষা করতে চান বলে জানিয়েছেন এক বিবৃতিতে। এ কারণে বিয়ে ঠেকাতে মাদ্রিদের আদালতে গেছেন তাঁরা। তাঁদের চাওয়া, আদালত যেন ডি স্টেফানোকে শারীরিক এবং মানসিকভাবে বিয়ের অনুপযুক্ত ঘোষণা করে।

দেখা যাক, এই বাধা টপকে বেরিয়ে যেতে পারেন কিনা খেলোয়াড়ি জীবনে ‘স্বর্ণকেশী তির’ নামে বিখ্যাত এই সাবেক স্ট্রাইকার। রয়টার্স।