ডিআরএস আর বাধ্যতামূলক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধান্তটায় সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ভারতের। ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নিয়ে সবচেয়ে অসন্তুষ্ট ছিল তারাই। দ্বিপক্ষীয় সব সিরিজে ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক করেছিল আইসিসি। অনেকটা ভারতের চাপের মুখেই এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এল ক্রিকেটের অভিভাবক সংস্থা। দুবাইয়ে আইসিসির নির্বাহী বোর্ডের সভায় সিদ্ধান্ত, এখন থেকে ডিআরএস আর বাধ্যতামূলক নয়।ডিআরএস নিয়ে অনেক আগে থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত। বিশেষ করে শচীন টেন্ডুলকার হক-আই প্রযুক্তির নির্ভুলতা নিয়ে তাঁর সংশয়ের কথা বেশ কবারই বলেছেন। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড-ভারত সিরিজেও বারবার আলোচনায় উঠে আসে ডিআরএস। হটস্পট প্রযুক্তি নিয়েও অসন্তুষ্ট ভারত। এরই পরিপ্রেক্ষিতে ডিআরএসের বাধ্যতামূলক ব্যবহারের নিয়ম পাল্টাল আইসিসি। এখন দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হওয়া দল দুটিই ঠিক করবে, সিরিজে ডিআরএস থাকবে কি থাকবে না।ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক করার পেছনে আইসিসির যুক্তি ছিল, এই পদ্ধতি আম্পায়ারের সিদ্ধান্ত নির্ভুল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলছেন, তাঁরা প্রযুক্তি ব্যবহারের পক্ষেই। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতাই বাধ্য করেছে ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক না করতে। তবে আইসিসির বেশ কিছু সদস্য ডিআরএস ব্যবহারের পক্ষে আছেন এখনো। আইসিসিও চায় পদ্ধতিটি আরও উন্নত হোক। আইসিসির একই বৈঠকে উঠে এসেছে ২০১৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে অনিশ্চয়তার কথাও। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল নিয়ে আগামী বছর ইংল্যান্ডে আলাদা একটি টেস্ট টুর্নামেন্ট করতে চায় আইসিসি। টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা লর্ডসে। কিন্তু আইসিসির অফিসিয়াল সম্প্রচারক ইএসপিএন-স্টার স্পোর্টস টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনেই বেশি উৎসাহী। কারণ, স্পনসরদের কাছে টেস্টের চেয়ে ওয়ানডেই বেশি আকর্ষণীয়। এ কারণেই দেখা দিয়েছে এই অনিশ্চয়তা। ওয়েবসাইট।