ডিআরএস নিয়ে তোলপাড় চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসমান খাজার এই আউটই নতুন করে উসকে দিয়েছে ডিআরএস বিতর্ক ষ ওয়েবসাইট
উসমান খাজার এই আউটই নতুন করে উসকে দিয়েছে ডিআরএস বিতর্ক ষ ওয়েবসাইট

কেভিন রাডের ক্রিকেটপ্রীতি এখন প্রায় সবারই জানা। পরশু অ্যাশেজ দেখতে মাত্রই টিভি খুলেছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী, তখনই উসমান খাজার ওই বিতর্কিত আউট। টুইটারেও রাড বেশ সক্রিয়, সঙ্গে সঙ্গে টুইট, ‘আমার দেখা সবচেয়ে বাজে আম্পায়ারিং সিদ্ধান্তগুলোর একটি।’
ওল্ড ট্রাফোর্ডের কমেন্ট্রি বক্সে অ্যান্ড্রু স্ট্রাউসকে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর টুইট দেখালেন মাইকেল হোল্ডিং। স্ট্রাউস তো হাসতে হাসতেই বাঁচেন না, ‘খাঁটি রাজনীতিবিদের মতোই মন্তব্য!’ মূল বক্তব্যের সঙ্গে অবশ্য একমত সাবেক ইংলিশ অধিনায়ক, ‘সন্দেহ নেই যে সিদ্ধান্তটি অনেক প্রশ্নের জন্ম দেবে।’
শুধু কি নিরীহ প্রশ্ন উঠেছে? মেলবোর্ন থেকে ওল্ড ট্রাফোর্ড, মুম্বাই থেকে দুবাই—খাজার ওই আউটে তোলপাড় গোটা ক্রিকেট-বিশ্ব। ধারাভাষ্যে, বিশেষজ্ঞ বচনে, ক্রিকেট লিখিয়েদের লেখায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও প্রশ্নবিদ্ধ ডিআরএস ও আম্পায়ারিং। এমনিতেই এই সিরিজে আতশকাচের তলায় আছে ডিআরএস। আগের দুই টেস্টে বিতর্ক কম হয়নি এটা নিয়ে। প্রবল সমালোচনার মুখে চলতি টেস্ট থেকেই তৃতীয় আম্পায়ারদের জন্য প্রযুক্তি সহায়তা বাড়িয়েছে আইসিসি। কিন্তু সবচেয়ে বড় বিতর্কটা হলো এই টেস্টের প্রথম দিনেও। আর বিতর্কের জন্মদাতা আইসিসির বর্ষসেরা আম্পায়ার কুমার ধর্মসেনা!
গ্রায়েম সোয়ানের বলে উসমান খাজার কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার টনি হিল সাড়া দিলে রিভিউ চান খাজা। খালি চোখে রিপ্লে দেখেই মনে হয়েছে বলের ছোঁয়া লাগেনি ব্যাটে, হটস্পটে ধরা পড়েনি ব্যাট-বলের স্পর্শ। অস্পষ্ট একটা শব্দকে ব্যাট-প্যাডের বলেই মনে হয়েছে। অথচ মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত রেখে দেন টিভি আম্পায়ারও! পরে স্নিকোমিটারও নিশ্চিত করেছে, আউট ছিলেন না খাজা।
ধারাভাষ্যকক্ষে তখনই ইয়ান বোথাম বলে দেন, ‘বিশ্বাস করতে পারছি না।’ আরেক ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিংয়ের প্রশ্ন, ‘কী আউট দিয়েছেন আম্পায়ার? এলবিডব্লু?’ তোলপাড় তখন টুইটার জগতে। অ্যালেক স্টুয়ার্টের টুইট, ‘মাঠের আম্পায়ার ও টিভি আম্পায়ার—দুজনের সিদ্ধান্তই হাস্যকর। ডিআরএস আরও বিতর্কের জন্ম দিচ্ছে।’ ডিন জোন্স সপক্ষে যুক্তি খুঁজে পাচ্ছেন না, ‘দ্যাটস বুলশিট, দেখলেন তো কেন আমি ডিআরএস পছন্দ করি না!’ টম মুডি বললেন, ‘খাজার পুরো অধিকার আছে লাঞ্চের সময় আম্পায়ারের রুমের দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করা, কীভাবে?’
এই ফাঁকে চলতি আরেকটা বিতর্কও টেনে আনলেন মাইকেল ভন, ‘অথচ লোকে বলে আউট হলে ব্যাটসম্যানদের নিজে থেকে চলে যাওয়া উচিত...এ ধরনের সিদ্ধান্ত পেলে কেন নিজে থেকে যাবে?’ ডিআরএস বিতর্কের একটা কারণ খুঁজে পাচ্ছেন স্কট স্টাইরিস, ‘আম্পায়াররা পরস্পরকে বাঁচাতে চাইছেন বলেই ডিআরএস নিয়ে এত বিতর্ক।’ আর পুরো ব্যাপারটির সারসংক্ষেপ যেন আকাশ চোপড়ার টুইট, ‘খুব বাজে মানবিক ভুলগুলো এড়ানোর জন্যই ডিআরএস। কিন্তু প্রযুক্তি যাতে মানবিক ভুল শোধরাতে না পারে, সেজন্য মানুষ উঠে পড়ে লেগেছে!’
আম্পায়ারদের সহায়ক হিসেবে এলেও ডিআরএস ব্যাপারটিই এখন জটিল হয়ে উঠেছে। খাজার ক্ষেত্রে যদিও দায়টা প্রযুক্তির নয়, আম্পায়ারেরই। ডিআরএস বিতর্কের বেশির ভাগ ক্ষেত্রেই দায়টা বেশি আম্পায়ারদেরই। তবে ডিআরএসের সীমাবদ্ধতাও ফুটে উঠছে বারবার। মেঘলা আকাশের নিচে হটস্পট ঠিকভাবে কাজ না-করা, ব্যাট-বলের খুব সূক্ষ্ম ছোঁয়া ধরতে না-পারা, ডিআরএসে স্নিকোমিটার না-থাকা—এসব বিতর্ক আছেই। এই সিরিজেই যেমন ডিআরএস নিয়ে বিতর্ক হলো ছয়টি সিদ্ধান্তে, প্রযুক্তি আর প্রযুক্তি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায় বলতে গেলে সমান-সমান। মানবিক ভুল মেনে নেওয়া যায়। কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়েও মানবিক ভুল হলে প্রশ্ন ওঠে তো দুটি দিক নিয়েই!
ক্রিকেট অস্ট্রেলিয়া খাজার আউটের ব্যাখ্যা দাবি করেছে আইসিসির কাছে। গয়রহ একটা ব্যাখ্যা বা দুঃখপ্রকাশ হয়তো আসবে শিগগিরই। কিন্তু ডিআরএস বিতর্ক সম্ভবত চলতেই থাকবে! ওয়েবসাইট।