ডিআরএস নিয়ে ভোটাভুটিই হলো না!
আইসিসিতে এখন ভারতের কথারই বেশি গুরুত্ব। বেশির ভাগ সদস্য দেশ টেস্ট ও ওয়ানডেতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বাধ্যতামূলক করার পক্ষে থাকলেও আপত্তি ছিল বিসিসিআইর। আইসিসির বোর্ড সভায় তাই ডিআরএস নিয়ে মৃদু শুধু আলোচনাই হলো, ভোটাভুটি আর হলো না। প্রধান নির্বাহী কমিটির প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে বোর্ড সভায়।এই প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করেনি আইসিসি। তবে ধারণা করা হচ্ছে, ক্রিকেটের মূল অর্থ জোগানদাতা ভারতের ইচ্ছাতেই হয়েছে সিদ্ধান্তটা। প্রধান নির্বাহী কমিটির সভায় ডিআরএস বাধ্যতামূলক করার প্রস্তাব বোর্ড সভায় পাঠানোর সিদ্ধান্তের পরপরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এর বিরুদ্ধে নিজেদের আগের অবস্থানের কথা জানিয়ে দেয় বিসিসিআই। কুয়ালালামপুরে দুই দিনব্যাপী সভা শেষে কাল আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘দ্বিপক্ষীয় সিরিজগুলোতে বর্তমানে প্রতিদ্বন্দ্বী দুই বোর্ডই সিদ্ধান্ত নেবে ডিআরএস ব্যবহার করা হবে কি হবে না। আইসিসির বোর্ড এই নিয়মটিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।’ এএফপি, ওয়েবসাইট।