ডিআরএস বাধ্যতামূলক, রানারকে না
আইসিসি ক্রিকেট কমিটির সব সুপারিশই মেনে নিয়েছে আইসিসির প্রধান নির্বাহী কমিটি। টেস্ট ও ওয়ানডেতে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) বাধ্যতামূলক করা হয়েছে সর্বসম্মতিক্রমে। সবচেয়ে বড় বাধা ছিল ভারত। কিন্তু ‘হটস্পট’ ও ‘অডিও ট্র্যাকিং পদ্ধতি’ বাধ্যতামূলক করায় মেনে নিয়েছে তারাও।তবে শুদ্ধতা নিয়ে প্রশ্ন থাকায় বল ট্র্যাকিং পদ্ধতি (হক-আই) বাধ্যতামূলক করা হয়নি। কোনো সিরিজে দুই দলই চাইলে অবশ্য এটি ব্যবহার করা যাবে। তবে বল ট্র্যাকিং বাধ্যতামূলক না হওয়ায় আরেকটা বিতর্কেরও সম্ভাবনা আছে। এলবিডব্লুর সিদ্ধান্ত দেওয়ার সময় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে কি না, এটা বুঝতে যথেষ্ট বেগ পেতে হবে টিভি আম্পায়ারকে।অডিও ট্র্যাকিং পদ্ধতি প্রচলিত স্নিকোমিটারের মতো নয়, বরং উচ্চক্ষমতাসম্পন্ন স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে পরিষ্কার রিপ্লে। টেস্টে রেফারেল দুবারই চাওয়া যাবে, তবে ওয়ানডেতে একবার। ডিআরএস ব্যয়বহুল বলেও আপত্তি ছিল ভারতের। কয়েক দিন আগে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন শাহ দাবি করেছিলেন, ডিআরএসের জন্য ম্যাচপ্রতি ৬ লাখ ডলার ব্যয় হয়। কাল আইসিসি অবশ্য বলেছে, আসলে তা ৫ হাজার ডলার। এই খরচের কিছু অংশ আইসিসি দিতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত হবে পরে।শত বছর ধরে চলে আসা রানারের নিয়ম বাতিলকে যুগান্তকারী সিদ্ধান্তই বলতে হবে। গত কয়েক বছরে রানার নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে। অপব্যবহার রোধেই মূলত বাতিল করা হলো রানার নেওয়ার প্রথা।নানাভাবে যখন বোলারদের হাত-পা বেঁধে ফেলা হচ্ছে, দুই পাশ থেকে দুটি বলে খেলা শুরুর নিয়মকে বলা যায় তাঁদের জন্য একঝলক সুবাতাস। তবে ৩৪ ওভার শেষে বল পরিবর্তন আর হবে না। ওয়ানডেতে একসময় এ নিয়ম ছিল, দুই বলে সর্বশেষ কোনো বড় আসর ১৯৯২ বিশ্বকাপ।ওয়ানডেকে আকর্ষণীয় করতে তিনটি পাওয়ার প্লের নিয়ম করা হয়েছিল। কিন্তু বেশির ভাগ সময়ই দলগুলো ১০ ওভারের পরই বোলিং পাওয়ার প্লে নিয়ে নেয়, ব্যাটিং পাওয়ার প্লে নেয় শেষ ৫-৭ ওভারে। ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে পাওয়ার প্লে নেওয়া তাই বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাহী বোর্ডের সভায় চূড়ান্ত অনুমোদন পেলে এ সিদ্ধান্তগুলো কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। আইসিসির সহযোগী দেশগুলোর জন্য আশা জাগিয়ে ২০১৫ বিশ্বকাপের জন্য বাছাইপর্বের সুপারিশও করেছে প্রধান নির্বাহীদের কমিটি। তবে এটির ফরম্যাট বা বিশ্বকাপে কয়টি দল অংশ নেবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। আগামী পরশু আইসিসির নির্বাহী বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ওয়েবসাইট।নতুন যা কিছু টেস্ট ও ওয়ানডেতে ডিআরএস বাধ্যতামূলক কোনো অবস্থাতেই রানার নেওয়া যাবে না ওয়ানডেতে দুই প্রান্তে দুটি নতুন বলে খেলা ব্যাটিং ও বোলিং পাওয়ার প্লে ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে বছরে দুবার স্লো ওভার রেটেই নিষিদ্ধ হবেন অধিনায়ক