ডিআরএসকে আবারও ভারতের ‘না’
আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক করার চেষ্টা অনেক দিন ধরেই করছে আইসিসি। বেশির ভাগ সহযোগী দেশও এর পক্ষে। বাধা হয়ে ছিল শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কাল শেষ হওয়া আইসিসির প্রধান নির্বাহীদের সভায় আবারও যখন আইসিসির নির্বাহী সভায় প্রস্তাবটি তোলার সিদ্ধান্ত হলো, সেই বিসিসিআই-ই বিরুদ্ধে দাঁড়াল এর।কুয়ালালামপুরে কালকের সভার পরপরই এক বিবৃতিতে ভারতীয় বোর্ড বলেছে, ‘বিসিসিআই এখনো মনে করে এটি নিশ্ছিদ্র নয়। কোনো সিরিজে ডিআরএস ব্যবহার হবে কি হবে না, সেটি সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওপর ছেড়ে দেওয়ার অবস্থানেও বিসিসিআই অটল।’ অবশ্য প্রধান নির্বাহীদের প্রস্তাবেও আছে একটা শর্ত—ডিআরএস ব্যবহার নির্ভর করবে সদস্যদের আর্থিক সামর্থ্য ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা পাওয়া সাপেক্ষে। ওয়েবসাইট।নতুন হট স্পট ক্যামেরার মান এবং বল ট্র্যাকিংয়ের ওপর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার-ভিশন বিশেষজ্ঞ এড রসটেনের গবেষণার ফলাফলে সন্তুষ্ট হয়েই নতুন করে ডিআরএস বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে আইসিসির প্রধান নির্বাহী কমিটি। প্রস্তাবে বলা হয়েছে, সব টেস্ট এবং ওয়ানডেতে ডিআরএস বাধ্যতামূলক করা উচিত।