ডিআরএসে আস্থা আইসিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোনাথন ট্রটের আউটে দুঃখ প্রকাশ করা হয়েছিল আগেই। এবার স্টুয়ার্ট ব্রডকে আউট না দেওয়ায় আম্পায়ারিং ভুলটাও স্বীকার করে নিল আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা দাঁড়িয়েছে আম্পায়ারদের পাশেই। ট্রেন্ট ব্রিজ টেস্ট ডিআরএস নিয়ে সংশয় আরও বাড়িয়ে দিয়েছে বলে সাধারণ ধারণা। অথচ আইসিসির দাবি, এই টেস্ট বরং ডিআরএসের প্রয়োজনীয়তাটাই আরেকবার তুলে ধরেছে। তথ্য-উপাত্ত দিয়ে দাবির পক্ষে প্রমাণও দেওয়া হয়েছে। প্রবল আলোচনা-সমালোচনার মুখে ট্রেন্ট ব্রিজ টেস্টের আম্পায়ারিং ও ডিআরএস নিয়ে মূল্যায়ন করে একটি বিবৃতি দিয়েছে আইসিসি। কোনো একটি ম্যাচ নিয়ে এমন মূল্যায়ন আইসিসির ইতিহাসেই নজিরবিহীন। আম্পায়ারদের পাশে দাঁড়িয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘রিভার্স সুইং ও স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন পরিস্থিতির সঙ্গে অ্যাশেজের প্রথম টেস্টের তীব্রতা মিলিয়ে ম্যাচটি আম্পায়ারদের জন্য ছিল খুব কঠিন।’আম্পায়ারদের ওপর কতটা ঝড় গেছে, সেটা বোঝাতে একটি পরিসংখ্যানও দিয়েছে আইসিসি। ট্রেন্ট ব্রিজ টেস্টে আম্পায়ারদের ৭২টি সিদ্ধান্ত নিতে হয়েছে, ডিআরএস বর্তমান এমন সব টেস্টের গড়পড়তা সিদ্ধান্তের (৪৯) চেয়ে যা অনেক বেশি। আলিম দার, কুমার ধর্মসেনা ও মারাইস ইরাসমাস—তিন আম্পায়ার ম্যাচে ভুল করেছেন মোট সাতটি। এর মধ্যে চারটি ডিআরএসে বদলে গেছে, তিনটি ভুলই থেকে গেছে। রিভিউয়ের আগে তাই সঠিক সিদ্ধান্তের হার যেখানে ছিল ৯০.৩%, রিভিউয়ের পর সেটাই হয়ে গেছে ৯৫.৮%। মানে ডিআরএসের কারণে সঠিক সিদ্ধান্তের হার বেড়েছে ৫.৫%। ২০১২-১৩ মৌসুমে ডিআরএস ব্যবহার করায় সঠিক সিদ্ধান্ত বেড়ে যাওয়ার গড়ও এটাই। আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন তাই আম্পায়ারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে আস্থা রাখছেন প্রযুক্তিতে, ‘কঠিন পরিস্থিতিতে আম্পায়াররা ভালো করেছে। এটা আম্পায়ার হিসেবে দার, ধর্মসেনা ও ইরাসমাসের মানটাও তুলে ধরছে। আম্পায়ারদের সামর্থ্যের ওপর আইসিসির যেমন পূর্ণ আস্থা আছে, তেমনি ট্রেন্ট ব্রিজে ডিআরএস ব্যবহারে সঠিক সিদ্ধান্তের হার বেড়ে যাওয়ায় প্রযুক্তির ওপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।’ এএফপি, ওয়েবসাইট।