ডিআরএসের সংখ্যা বাড়ল
শোনা যাচ্ছিল, ডিআরএস নিয়ে এবার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবেই। হয়তো সব টেস্টেই থাকবে, নয়তো একেবারেই নয়। কিন্তু তেমন কিছু হলো না। দুবাইতে আইসিসির প্রধান নির্বাহীদের সভায় (সিইসি) ডিআরএসের নিয়মটা আরেকটু পরিশীলিত করা হলো মাত্র। নতুন নিয়মে ৮০ ওভারের পর দুই দলই নতুন করে দুটি রিভিউ পাবে, তা প্রথম দুটি রিভিউ ব্যবহার করুক আর না করুক। আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। আগের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দুই দল রাজি হলেই কেবল সিরিজে রিভিউ থাকবে।
ডিআরএসের ব্যাপারটি আরও ভালো করে খতিয়ে দেখতে অবশ্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেছে সিইসি। আলোচনা হয়েছে ডিআরএসে স্নিকোমিটার ব্যবহার করা নিয়েও। সভায় আরেকটি ছোট সিদ্ধান্তও হয়েছে। কোনো ওয়ানডে ২৫ ওভার বা এর কমে নেমে এলে খেলা হবে একটি বল দিয়েই। এই নিয়মও কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এমনিতে ৫০ ওভারের ম্যাচে এখন দুই প্রান্তে দুটি বল দিয়ে খেলা হয়। অক্টোবরে দুবাইতে বহু আলোচিত ও প্রতীক্ষিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা হবে। ওয়েবসাইট।