ডিআরএসের সমালোচনার মাশুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআরএস পদ্ধতির সমালোচনা করায় জরিমানা গুনতে হলো ওটিস গিবসনকে। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট চলার সময় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) পদ্ধতির সমালোচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। তাই আচরণবিধি ভঙ্গের অভিযোগে ম্যাচ ফির ২০ শতাংশ কেটে রাখা হয়েছে গিবসনের।অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজে পূর্ণ প্রযুক্তিসহ ডিআরএস ব্যবহার করা হচ্ছে না। বাজেট-স্বল্পতার জন্য রাখা হয়নি হট স্পট ও স্নিকোমিটার। গুরুত্বপূর্ণ এই দুই প্রযুক্তির অভাবে কিছু সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেছে বলেই মনে করেন গিবসন। তাই দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ডিআরএসের সমালোচনা করেছিলেন ক্যারিবীয় কোচ।হটস্পট ও স্নিকোমিটার ছাড়া ডিআরএসের উল্টোপাল্টা আচরণে হতাশ গিবসন বলেছিলেন, ‘ডিআরএস নিয়ে আমার যেটা বলা উচিত সেটা বলতে পারছি না। কারণ তাহলে আইসিসি আমাকে বরখাস্ত, নিষিদ্ধ কিংবা যা ইচ্ছা তাই করতে পারে।’ তবে এরপর যেটা বলেছিলেন তাতে ভয়-ডরের কোনো লেশ ছিল না, ‘আইসিসি যদি ডিআরএস ব্যবহার করতে চায়, তাহলে তাদের উচিত সব প্রযুক্তি ব্যবহার করা। আমাদের যদি সব প্রযুক্তি না থাকে তাহলে এর ব্যবহার না করাই উচিত।’আইসিসির আচরণবিধির প্রাথমিক পর্যায় ভঙ্গের অভিযোগ এনে জরিমানা করা হয়েছে গিবসনকে। ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁর সিদ্ধান্ত জানাতে গিয়ে পরশু বলেছেন, ‘সিরিজের আগে সিদ্ধান্ত হয়েছিল খেলোয়াড় ও কোচরা সংবাদমাধ্যমের সামনে কোনো নেতিবাচক মন্তব্য করবেন না। ওটিস স্বীকার করেছেন তিনি সীমা লঙ্ঘন করেছেন আর শাস্তিটা মেনে নিয়েছেন।’এদিকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ডমিনিকা টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন দেবেন্দ্র বিশু। এই লেগ স্পিনার একাদশে ছিলেন না দ্বিতীয় টেস্টেই। চোটের কারণে তৃতীয় টেস্টেও দলটি পাচ্ছে না কার্ক এডওয়ার্ডসকে। সহ-অধিনায়কের বদলে ডাকা হয়েছে আসাদ ফুদাদিনকে। গায়ানার ২৬ বছর বয়সী বাঁহাতি এবার ঘরোয়া টুর্নামেন্টে ৫৭৬ রান করেছেন ৪৮ গড়ে। এএফপি, ওয়েবসাইট।