ডিএ না পেয়ে ম্যাচ বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে কাল নড়াইলের ম্যাচটা হয়নি। হলে বিপদে পড়ে যেত যশোর জেলা দল। প্রাপ্য দৈনিক ভাতা ও ভেন্যুতে হোটেলে রাখার দাবিতে ১৫ জনের দলের ১২ জনই যে বয়কট করেছিলেন সাতক্ষীরার বিপক্ষে কালকের ম্যাচটি!
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দল যশোর জেলার খেলোয়াড়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন ও পরের দিন ৫০০ টাকা করে দৈনিক ভাতা এবং ম্যাচের দিন ৫০০ টাকা দৈনিক ভাতার সঙ্গে এক হাজার টাকা ম্যাচ ফি পাওয়ার কথা তাঁদের। কিন্তু যশোর জেলা ক্রীড়া সংস্থা নাকি শুধু ম্যাচের দিনের এক হাজার ৫০০ টাকাই দিচ্ছে। আগের দিন ও পরের দিনের দৈনিক ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে খেলোয়াড়দের।
এ ছাড়া ভেন্যুতে হোটেলে থাকার খরচ বাবদ প্রত্যেকের জন্য ৫০০ টাকা করে বরাদ্দ থাকলেও খেলোয়াড়দের নড়াইলে রাখা হচ্ছে না। খেলার দিন ভোরে তাঁরা যশোর থেকে বাসে নড়াইল যান। খেলা শেষে সন্ধ্যায় ফিরে আসেন যশোরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার টেলিফোনে বলেন, ‘যশোর থেকে বাসে নড়াইল যেতে ৪৫ মিনিট লাগে। আমরা যাত্রাপথেই ক্লান্ত হয়ে পড়ি। সকালের নাশতাটাও ঠিকমতো হয় না।’
এসব অভিযোগ নিয়ে টেলিফোনে যশোর দলের ম্যানেজার এহসানুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থা আমাকে যেভাবে বলে, আমি সেভাবেই সব করি। আপনার কিছু জানার থাকলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করুন।’ তবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির দাবি করলেন, তিনি এসবের কিছুই জানেন না, ‘খেলোয়াড়েরা টাকা পাচ্ছে না এ রকম কিছু আমার জানা নেই। তাদের যদি কোনো পাওনা থাকে, তাহলে সেটা তারা অবশ্যই পাবে। টাকা না পেলে খেলবে না, এটা কেমন কথা! সব টাকা অ্যাকাউন্টে জমা আছে।’ হোটেল খরচের প্রসঙ্গে বলেন, ‘নড়াইলে থাকার ভালো হোটেল নেই। হোটেলের টাকা দিয়ে যাওয়া-আসার বাসভাড়া দেওয়া হচ্ছে।’