ডিওএইচএস ও গাজী ট্যাংকের জয়
আর মাত্র তিন রাউন্ড। তারপরই পর্দা পড়বে ঢাকা প্রিমিয়ার লিগের। আর এই শেষ তিন রাউন্ডে শিরোপার লড়াইটা সীমাবদ্ধ হয়ে পড়ল তিন দলের মধ্যে। কাল বিতর্কের এক দিনে জয় পেয়ে শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই রইল ওল্ড ডিওএইচএস, গাজী ট্যাংক ও ভিক্টোরিয়া। হেরে যাওয়া তিন দল আবাহনী, মোহামেডান ও শেখ জামালের জন্য বাকি তিন ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা।ফতুল্লায় শেখ জামালকে মাত্র ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ওল্ড ডিওএইচএস। ১২ ম্যাচে পয়েন্ট ২০। লিগে টানা ৯টি জয়ের (সূর্যতরুণের ম্যাচসহ) পর গত রোববার সুপার লিগের প্রথম ম্যাচে ডিওএইচএস হেরে গিয়েছিল মোহামেডানের কাছে। কালও পরাজয় চোখ রাঙিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দলকে। ডিওএইচএসের ২৬৪ রান প্রায় টপকেই গিয়েছিল শেখ জামাল। টপ-অর্ডারের দারুণ সূচনার পরও নিচের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫ রানে হেরেছে মুশফিকুর রহিমের দল। শেখ জামালের ২৫৯ রানের ২০৪-ই করেছেন প্রথম চার ব্যাটসম্যান শামসুর, মাইশুকুর, মেহরাব জুনিয়র ও মুশফিক। দলীয় সর্বোচ্চ ৫৮ রান করলেও মুশফিকুর হারিয়েছেন লিগে হ্যাটট্রিক সেঞ্চুরির সুযোগ।টস জিতে প্রথমে ব্যাট করা ডিওএইচএস ইনিংসের শেষ ১৪ বলে ৭ রান তুলতেই হারায় ৫ উইকেট। এর আগে শুভাগত হোমের ৭৫ বলে ৮৭ রানে ৪০ ওভারেই ৩ উইকেট ২০০ রান করে ফেলেছিল তারা। সাঈদ আনোয়ার জুনিয়রের সঙ্গে তৃতীয় উইকেটে ১২৯ রান যোগ করেন শুভাগত।বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে ৬২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতেছে গাজী ট্যাংক। টস হেরে প্রথমে ব্যাট করে মোহামেডান পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে করে মাত্র ১৭৩ রান। অধিনায়ক নাঈম ইসলাম (৬৩) ছাড়া বলার মতো রান পাননি আর কেউই। নাঈমও এই রান করতে খেলেছেন ১১২ বল। জবাবে নাসির হোসেনের হার না-মানা ৯৬ রানে শেষ পর্যন্ত সহজেই জিতেছে গাজী ট্যাংক। ৫৬ রানে ৪ উইকেট হারানো দলটিকে বিপদমুক্ত করেছে পঞ্চম উইকেটে নাসিরের সঙ্গে উসমান সালাউদ্দিনের ১১১ রানের জুটি।সং ক্ষি প্ত স্কো রমোহামেডান-গাজী ট্যাংকমোহামেডান: ৫০ ওভারে ১৭৩/৯ (নাঈম ৬৩, বাবর ৩১, মাবুদ ২৫; আজিম ৪/৩২, বিশ্বনাথ ৩/৩১, আসিফ ২/১২)। গাজী ট্যাংক: ৩৯.৪ ওভারে ১৭৬/৫ (নাসির ৯৬*, উসমান ৪০; অমিত ৩/৩৩)।ফল: গাজী ট্যাংক ৫ উইকেটে জয়ী। ডিওএইচএস-শেখ জামালডিওএইচএস: ৫০ ওভারে ২৬৪/৯ (শুভাগত ৮৭, আনোয়ার ৪৯, আদনান ৩৬, আশরাফুল ৩৫, নুরুল ২৫; তাপস ৪/৪৯, আরাফাত সানি ২/৪৫, ডলার ২/৫৬)। শেখ জামাল: ৫০ ওভারে ২৫৯/৮ (মুশফিকুর ৫৮, শামসুর ৫৭, মেহরাব ৫৩, মাইশুকুর ৩৬; আশরাফুল ২/৫৩, এনামুল ২/৫৪)।ফল: ডিওএইচএস ৫ রানে জয়ী।