সেরাদের দল থেকে এক ধাপ নেমে গেল গাজী ট্যাংক। প্রথম ছয় ম্যাচে পাঁচ জয় পেয়ে আরও তিনটি দলের সঙ্গে শীর্ষে ছিল তারা। সপ্তম ম্যাচে ওল্ড ডিওএইচএসের কাছে ৭৯ রানে হার ছিটকে দিল শীর্ষস্থান থেকে। বিকেএসপিতে পাওয়া এই জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ওল্ড ডিওএইচএস।ওল্ড ডিওএইচএসের মতো সপ্তম ম্যাচে ষষ্ঠ জয় পেয়েছে মোহামেডানও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ৭ উইকেটে জিতে বিমানকে দিয়েছে পঞ্চম পরাজয়ের স্বাদ। ফতুল্লায় সিসিএসকে ২৪ রানে হারিয়ে লিগে নিজেদের পঞ্চম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।১৪ রানে ওপেনার আনামুলকে হারালেও আরেক ওপেনার ফজলে রাব্বীর সেঞ্চুরিতে সিসিএসের সামনে ২৬৬ রানের টার্গেট দিয়েছিল আবাহনী। ৪৮তম ওভারের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে মার্শাল আইয়ুবের (৪৬) সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১১১ রান যোগ করেছেন রাব্বী। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহর (৫০) সঙ্গে আরও ৯০ রান—আবাহনীকে সিসিএসের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে এই দুটি জুটিই। ১৫৪ বলে পাঁচ বাউন্ডারি আর আট ছক্কায় ১৩৫ রান করেছেন ফজলে রাব্বী। জবাবে রকিবুল-রাশেদের ৮১ রানের জুটিতে ভালোই লড়াই করেছে সিসিএস। রাশেদ আউট হওয়ার আগে হাতে ৫ উইকেট নিয়ে ৬৫ বলে ৭৯ রান প্রয়োজন ছিল সিসিএসের। কিন্তু ৭ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যাওয়ায় পথ হারিয়ে ফেলে সিসিএস। আবাহনীর পিটার ট্রেগো ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছেন এই জয়ে।মিরপুরে মোহামেডান-বিমান ম্যাচে সবার দৃষ্টি ছিল বিমানের পেসার মাশরাফি বিন মুর্তজার দিকে। অস্ত্রোপচারের সাড়ে আট মাস পর প্রথম মাঠে নেমে হতাশ করেননি মাশরাফি। ব্যাট হাতে একটা বিশাল ছক্কাসহ ১৬ বলে ৮ এবং বল হাতে নিখুঁত লাইন-লেংথে ৪ ওভারে ২০ রান—ফেরার ম্যাচে হারিয়ে না যাওয়ার ঘোষণাই বলতে হবে এটাকে।মাশরাফি না হারলেও হেরে গেছে বিমান। ব্যাটিং ব্যর্থতার মধ্যে জুনায়েদ সিদ্দিকের ৫৭ রান বিমানের স্কোরবোর্ডে জমা করেছিল ১৮৭, বর্তমান রানার্সআপ মোহামেডান ৩ উইকেট হারিয়ে সেটা টপকে গেছে ১০.৫ ওভার বাকি থাকতেই। বড় জয়ে মূল অবদান ইমতিয়াজ-ইমরুলের ১১৫ রানের উদ্বোধনী জুটির। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর কাল প্রিমিয়ার লিগের ম্যাচ—ক্যারিয়ারে প্রথম পরপর তিন দিন তিনটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলা ইমরুল এ ম্যাচে ধরে রেখেছেন উত্তুঙ্গ ফর্মটা। কাল ফরিদউদ্দিনকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হওয়ার আগে ৭৭ বলে করেছেন ৫৯ রান।বিকেএসপিতে ৪ উইকেটে ৬৫ থেকে ওল্ড ডিওএইচএসকে উদ্ধার করেছে পঞ্চম উইকেটে আদনান রাজা (৭৬) ও শুভাগত হোমের (৬৩) ১৪৫ রানের জুটি। ৬২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে বড় ব্যবধানেই হেরেছে গাজী ট্যাংক। ওল্ড ডিওএইচএস এর আগেও এক ম্যাচে ৯ স্পিনার দিয়ে বল করিয়েছিল। কালও বোলিং লাইনআপে ছিলেন না কোনো পেসার, হাত ঘোরানো সাত বোলারই স্পিনার।সং ক্ষি প্ত স্কো রবিমান: ৫০ ওভারে ১৮৭/৯ (জুনায়েদ ৫৭, জাভেদ ৩৭, খালেদ ২৪; সারমাদ ২/২০, ইয়াসিম ২/২৭, অমিতাভ ২/৩২, দেলোয়ার ২/৩৯)। মোহামেডান: ৩৯.১ ওভারে ১৮৮/৩ (ইমতিয়াজ ৬৬, ইমরুল ৫৯, রমিজ জুনিয়র ৩৯; ফরিদ ১/২১, আসিফ ১/৩৪, তাসকিন ১/৪২)। ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী।আবাহনী: ৫০ ওভারে ২৬৫/৫ (ফজলে রাব্বী ১৩৫, মাহমুদউল্লাহ ৫০, মার্শাল ৪৬; রবিউল ২/৩৭, রবিউল রবি ২/৪৬)। সিসিএস: ৫০ ওভারে ২৪১/৮ (রকিবুল ৬৪, আতিক ৪০, রাশেদ ৩৭, তাসামুল ৩৪, ইমামুল ২২*; ট্রেগো ৫/৪৮, নাজমুল অপু ৩/৩৬)। ফল: আবাহনী ২৪ রানে জয়ী।ওল্ড ডিওএইচএস: ৪৯ ওভারে ২৩৮ (আদনান ৭৬, শুভাগত ৬৩, আশরাফুল ২৪, জিয়া ২০; অলক ৩/২২, সানজামুল ২/৩৭, রউফ ২/৪৯)। গাজী ট্যাংক ক্রিকেটার্স: ৩৯.৩ ওভারে ১৫৯ (মমিনুল ৫৯, রনি ২৮, নাসির ২৩; নাবিল ৩/২৮, জালাত ৩/৩৫, এনামুল জুনিয়র ২/১৮)। ফল: ওল্ড ডিওএইচএস ৭৯ রানে জয়ী।