ডিগবাজি খেলেন সেই বিশেষজ্ঞ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ ঘটা করে আয়োজন করা হলো সংবাদ সম্মেলনের। পাতানো ম্যাচের তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করার জন্যই কাল বাফুফে ভবনে এই আয়োজন। কৌতূহল নিয়ে সবাই অপেক্ষায়—কী লেখা আছে প্রতিবেদনে? ম্যাচে কিছু পায়নি তদন্ত কমিটি? নাকি পেয়েছে? পেলে নিশ্চয়ই বড় কোনো শাস্তি পেতে যাচ্ছে ব্রাদার্স-রহমতগঞ্জ? শেষ পর্যন্ত উত্তর মিলেছে। তবে ফলাফল বিশাল এক শূন্য। কিছুই নাকি পাওয়া যায়নি। মানে ম্যাচটা পাতানো ছিল না বলে রায় দিয়েছে ফেডারেশন। পেশাদার লিগের ওই ম্যাচ ছিল গত ২৫ এপ্রিল। তারপর ম্যাচটা তদন্ত করার দায়িত্ব পায় বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। ফুটবল অঙ্গনে অপরিচিত চারজন সরকারি কর্মকর্তা নিয়ে গঠিত ওই কমিটি। তারা ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচে সন্দেহজনক কিছু খুঁজে পায়নি বলে বাফুফেকে জানিয়েছে। তদন্ত কমিটি কী পেয়েছে কী পায়নি সেটি গৌণ হয়ে গেছে অন্য এক ঘটনায়। আর তা রীতিমতো প্রহসনে রূপ নিয়েছে। তদন্ত কমিটি একজন বিশেষজ্ঞের মতামত নিয়েছে। ওই বিশেষজ্ঞ হলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু যোবায়ের নিপু। সম্প্রতি তিনি টিভি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন, ‘পেনাল্টি গোলটা বাদ দিলে ব্রাদার্সের হজম করা বাকি তিনটি গোলই সন্দেহজক।’ পরে সাংবাদিকদেরও একাধিকবার বলেছেন, তাঁঁর কাছে ম্যাচটি পাতানো বলে প্রতীয়মান হয়েছে। প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে তা ছাপাও হয়েছে। সেই অনুযায়ী প্রতিবেদন দিয়েছেন বলেও জানিয়েছিলেন যোবায়ের। কিন্তু তদন্ত কমিটিকে দেওয়া যোবায়েরের প্রতিবেদন ছিল পুরো উল্টো। অর্থাৎ পাতানো বলে সন্দেহ হয়নি তাঁর কাছে! বিস্ময়করভাবে তিনি ডিগবাজি খেয়েছেন! শোনা যায়, প্রতিবেদনটা ‘অন্যভাবে’ দিতে চাপ দেওয়া হয় যোবায়েরকে। এ নিয়ে কাল সংবাদ সম্মেলনে কথা উঠলে বাংলাদেশ লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদীর দাবি, ‘বিশেষজ্ঞকে কোনো চাপ দেওয়া হয়নি।’ প্রতিবেদনে যোবায়ের এক জায়গায় হাস্যকরভাবে উল্লেখ করেছেন, ‘ইউরো ফাইনালে স্পেন ও ইতালির মধ্যে যেমন প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সেটা দেখা যায়নি। ইতালি শোচনীয়ভাবে হেরেছিল—এর অর্থ এই নয় যে, খেলাটি পাতানো ছিল।’ যুক্তি বটে! ওদিকে তদন্ত কমিটি বাফুফেকে দেওয়া তাদের প্রতিবেদনে বলেছে, ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচের ব্যাপারে একজন ফুটবল বিশেষজ্ঞের মতামত ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ও ম্যাচের ভিডিও দেখা হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করে ম্যাচটি পাতানো বলে প্রমাণ মেলেনি। তবে কমিটি মন্তব্য লিখেছে, ওই দিন লিগের মানসম্পন্ন খেলার চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে ব্রাদার্স। সঙ্গে ব্রাদার্সকে সহানুভূতিও জানিয়েছে—সব দলের পক্ষে সব সময় ধারাবাহিক পারফরম্যান্স করা সম্ভব নয়!সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন সালাম মুর্শেদী। তাঁকে প্রশ্ন করা হয়েছে, পাতানো ম্যাচ প্রমাণ করতে সত্যিই কি আন্তরিক বাফুফে? সালামের দাবি, ‘আমরা ম্যাচ পাতানো প্রমাণের ব্যাপারে যথেষ্ট আন্তরিক।’ কতটা আন্তরিক তা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। এবারের লিগে শেখ জামাল-ব্রাদার্স সন্দেহজনক ম্যাচটির তদন্ত যে কবে শেষ হয় কে জানে। একটি ম্যাচের সুরাহা হতেই তো লাগল সাড়ে তিন মাস! সেটিও প্রশ্নবিদ্ধ।নতুন অভিযোগ: কাল একটি বেসরকারি টেলিভিশনে ব্রাদার্সের ম্যানেজার আমের খান দাবি করেছেন, আবাহনীকে তাঁরা ওপরের চাপের মুখে ম্যাচ ছেড়ে দিয়েছেন। যদিও আবাহনী এর জোর প্রতিবাদ করেছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা উঠলে সালাম বললেন, ‘এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’ বাফুফের কথায় কি আর আস্থা রাখা যায়?