ডিফেন্ডার চাই না মার্টিনোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডো মার্টিনো
জেরার্ডো মার্টিনো

আক্রমণে মেসি-নেইমার জুটি। সন্দেহ নেই, বিশ্বের সেরা আক্রমণভাগ বার্সার। মাঝমাঠে জাভি-ইনিয়েস্তা। বিশ্বের সেরা মিডফিল্ডও বার্সার। সমস্যা এক জায়গাতেই—রক্ষণ। বার্সার রক্ষণ যে বেহুলার বাসরঘরের মতো। ধারণা করা হচ্ছিল, নতুন কোচ এসে রক্ষণের ফাঁকফোকরগুলো হয়তো বন্ধ করবেন। কিন্তু জেরার্ডো মার্টিনো বলছেন, এই দলবদলের বাজারে আর ডিফেন্ডারই কিনবেন না। জানুয়ারির দলবদলের সময় ভেবে দেখবেন সেন্টার ডিফেন্ডারের দরকার কাছে কি না!
বার্সার রক্ষণের সমস্যাটা বেশ কিছুদিন থেকেই ভোগাচ্ছে দলকে। গত মৌসুমে কার্লোস পুয়োল ও জেরার্ড পিকের চোট বার্সাকে ভীষণ ঝামেলাতেই ফেলে দিয়েছিল। হাভিয়ের মাসচেরানো ডিফেনসিভ মিডফিল্ড ছেড়ে বার্সায় তো পুরোদস্তুর রক্ষণভাগই সামলাচ্ছেন। কিন্তু গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সার ব্যর্থতার কারণই ছিল এই রক্ষণ। বার্সা তাই এবার রক্ষণটাকে শক্তিশালী করতে অনেক দিন পিছু ঘুরেছে থিয়াগো সিলভার। ডেভিড লুইজকেও চাইছিল তারা। ভাবা হচ্ছিল ড্যানিয়েল অ্যাগারের কথাও।
কিন্তু এই তিনজনকেই শেষ পর্যন্ত বার্সা পায়নি। আর এ কারণেই হয়তো বিরক্ত হয়ে মার্টিনো রণেভঙ্গ দিয়েছেন। আপাতত যা আছে, তা-ই দিয়েই কাজ চালিয়ে দেখতে চান এই আর্জেন্টাইন। আজ এক সংবাদ সম্মেলনে মার্টিনো বলেছেন, ‘আমি আসার আগে, এমনকি টিটো থাকার সময়ও ক্লাবের কী পরিকল্পনা ছিল, সেটা আমি জানি। আমি যেটা বলতে চাই, পুয়োল যতক্ষণ ঠিক আছে, সেটা সে হচ্ছে, দ্রুত সেরে উঠছে; জেরার্ড পিকে, হাভিয়ের মাসচেরানো, মার্ক বার্তা, আদ্রিয়ানো অথবা সার্জিও বুসকেটসকে আমরা যতক্ষণ সেন্টার-ব্যাক হিসেবে ব্যবহার করতে পারব, ততক্ষণ আমাদের সমস্যা নেই। আর যদি ইনজুরি সমস্যা দেখা দেয়, শীতকালীন দলবদল তো আছেই।’
পুয়োলকে ছাড়াই অবশ্য কাল মাঠে নামতে হচ্ছে বার্সাকে। না-ও থাকতে পারেন লিওনেল মেসি। নিজেদের মাঠে লেভান্তের সঙ্গে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে বার্সা। সূত্র: রয়টার্স।