লর্ডসের পর হেডিংলিতেও হার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হতে হলো নিউজিল্যান্ডকে। তবে হেডিংলির প্রথম ইনিংসে পাঁচ-পাঁচটি ক্যাচ ধরে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ছুঁয়েছেন অ্যাডাম প্যারোরেকে। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি চারবার পাঁচ বা ততোধিক ডিসমিসাল করেছেন ম্যাককালাম ও প্যারোরে। তবে টেস্ট রেকর্ড থেকে এই দুই নিউজিল্যান্ডার আবার অনেক দূরে। চোখে আঘাত পেয়ে ক্রিকেট ছাড়তে বাধ্য হওয়া দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার সর্বোচ্চ ১৪ বার ইনিংসে পাঁচ বা তার বেশি ডিসমিসাল করেছেন। তালিকায় পরের তিনজনই অস্ট্রেলিয়ান—রডনি মার্শ (১২), ইয়ান হিলি (১১) ও অ্যাডাম গিলক্রিস্ট (৮)।