ডিসিপ্লিনারি প্যানেল আগামী সপ্তাহেই
বিপিএল ফিক্সিংয়ের অভিযোগের বিরুদ্ধে আপিল করার ১৪ দিনের সময়সীমা পেরিয়ে গেছে। অথচ ডিসিপ্লিনারি প্যানেল গঠিত হয়নি এখনো। বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্যানেল প্রধানের নামও।বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও প্যানেল চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর নাম মোটামুটি চূড়ান্ত বলেই জানা গেছে। তিনিও এ দায়িত্ব পালনে সম্মত হয়েছেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। ১০ সদস্যের ডিসিপ্লিনারি প্যানেলের অন্যান্য সদস্য কারা হবেন, বিসিবির দুর্নীতিবিরোধী নীতি অনুযায়ী সেটাও প্যানেলের চেয়ারম্যানই ঠিক করবেন। প্যানেল গঠনের পর বিপিএল ফিক্সিংয়ের আপিল নিষ্পত্তির জন্য প্যানেলের মধ্য থেকে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করবেন প্যানেল প্রধান। ট্রাইব্যুনালেরও প্রধান হবেন তিনি।পূর্ণাঙ্গ প্যানেল কবে গঠন হবে—জানতে চাইলে কাল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে জানা গেছে, বিসিবির পক্ষ থেকে এর মধ্যেই প্রাথমিক আলোচনা হয়েছে প্যানেল প্রধানের সঙ্গে। সে আলোচনার সূত্র ধরে আগামী সপ্তাহেই হয়তো প্যানেলের সবার নাম জানা যাবে।প্যানেল সদস্যদের নাম প্যানেলের চেয়ারম্যান ঠিক করলেও ধারণা করা হচ্ছে, প্যানেলে সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে যে চার প্রতিনিধি থাকার কথা, সে ব্যাপারে বিসিবির মতামত নিতে পারেন তিনি। বিসিবিতে সম্ভাব্য কয়েকজন সাবেক ক্রিকেটারের নামও আলোচনায় আছে। এর মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার শাকিল কাসেম, ইশতিয়াক হোসেন, ফখরুল আহসান (কালীচরণ বাবু) ও সেলিম শাহেদ।