ডিসেম্বরে ঢাকা লিগের দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর সময়ের মধ্যে যারা জাতীয় দলে খেলেন, পুলভুক্ত ক্রিকেটার হন তাঁরাই। সিসিডিএমের সাংগঠনিক কমিটির সভায় কাল সেই এক বছর সময়টাকেও নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব হয়েছে।গতবারের দলবদলের পর থেকে আসন্ন দলবদল পর্যন্ত জাতীয় দলে খেলা ক্রিকেটারদেরই এবার পুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সভায়। এই হিসেবে পুলের ক্রিকেটারের যে সংখ্যা দাঁড়াবে, তার ওপরই নির্ভর করবে এবার প্রতি দলে কতজন করে পুলের ক্রিকেটার নেওয়া যাবে, কতজন করে খেলানো যাবে বিদেশি খেলোয়াড়।সভায় সিদ্ধান্ত হয়েছে, গত দলবদল থেকে এবারের দলবদল পর্যন্ত জাতীয় দলে খেলা ক্রিকেটারের সংখ্যা যদি ২৪ জনের কম হয়, তাহলে প্রতি দলে ২ জন করে পুলের খেলোয়াড় নেওয়া যাবে। ২৪ জনের বেশি হলে সংখ্যাটা হবে তিন। একইভাবে পুলের ক্রিকেটার ২ জন হলে বিদেশি খেলানো যাবে ৩ জন, পুলের ক্রিকেটার ৩ জন হলে ২ জন। তবে সব দলই সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করতে পারবে। এ ছাড়া ‘এ’ দল, একাডেমি এবং অনূর্ধ্ব-১৯ দল থেকে সর্বোচ্চ ৩ জন করে খেলোয়াড় নিতে পারবে প্রতি দল। সিসিডিএম প্রধান জি এস হাসান জানিয়েছেন, প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে এসব প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে বোর্ড সভায়।ঢাকার আসন্ন মৌসুমের বিভিন্ন লিগ শুরুর সম্ভাব্য তারিখও ঠিক হয়েছে কালকের সভায়। দলবদলের সম্ভাব্য তারিখ আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর। ১৫ জানুয়ারি থেকে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ও ২ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে। তার আগে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হবে ১৫ অক্টোবর থেকে। দ্বিতীয় বিভাগ ১৫ জানুয়ারি ও তৃতীয় বিভাগ ১৫ মার্চ থেকে। এ ছাড়া এ মাসের শেষ দিকে সুবিধাজনক দিনে গতবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করারও সিদ্ধান্ত হয়েছে সভায়।এসব ছাড়া ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের উচ্চমূল্য হাঁকানোর বিষয়টিও আলোচনা হয়েছে সভায়। ‘ঘরোয়া ক্রিকেটের পারিশ্রমিক কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কোনো সিলিং বেঁধে দেওয়া যায় কিনা, সেসব নিয়ে আলোচনা করে আমরা একটা প্রস্তাব বোর্ডে জমা দেব’—জানিয়েছেন সিসিডিএমের প্রধান।