ডিসেম্বরে মাঠে ভারত-পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই দেখা যাবে আবারও। বরফ গলার ইঙ্গিত মিলছিল কিছুদিন থেকেই। বারবার দুই বোর্ড কর্তাদের বৈঠক, নানা বিবৃতি আভাস দিচ্ছিল ক্রিকেট সম্পর্ক জোড়া লাগার। সেই ধারাবাহিকতায় কাল এল বন্ধ দুয়ার খুলে দেওয়ার ঘোষণা। এ বছরই আবার শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। নতুন করে শুরুর শুরুটা হচ্ছে অবশ্য ছোট্ট একটা সিরিজ দিয়ে। ভারতে ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির এই সিরিজ হবে ডিসেম্বরে।খানিকটা ফাঁক অবশ্য আছে এখনো। ভারত সরকারের অনুমতি মিললেই কেবল এই সিরিজটা হবে। তবে এটাকে মনে করা হচ্ছে স্রেফ আনুষ্ঠানিকতা। সরকারের সবুজ সংকেত না পেয়ে নিশ্চয়ই এত দূর এগোয়নি বিসিসিআই! পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক জোড়া লাগানোয় ভারত নীতিগতভাবে রাজি হওয়ার পর উপযুক্ত সময়টাই ছিল সবচেয়ে বড় সমস্যা। ভারতের সূচি এমনিতেই ঠাসা। পাকিস্তানও ইদানীং যথেষ্ট ব্যস্ত। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের মাঝবিরতির সময়টা। নভেম্বর-ডিসেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ২৩ ডিসেম্বর বড়দিনের ছুটিতে দেশে ফিরবে ইংলিশরা। ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি। মাঝের এই সময়টাতেই হবে ভারত-পাকিস্তান সিরিজ। একটা দিক থেকে অবশ্য বাংলাদেশের জন্য এটা দুঃসংবাদ। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ভারত সফর হওয়ার সামান্য যা সম্ভাবনা ছিল ওই সময়টাতেই!দুদলের সর্বশেষ সিরিজ ছিল ২০০৭ সালে, ভারতে গিয়েছিল পাকিস্তান। ২০০৯ সালে ফিরতি সফরে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার জের ধরে দুদেশের ক্রিকেট সম্পর্ক থমকে যায়। এরপর শুধু বিশ্বকাপ, এশিয়া কাপ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেই দেখা হয়েছে দুদলের। তবে এত দিনের অচলাবস্থা নিরসনের ইঙ্গিত মেলে সম্প্রতি পাকিস্তানের একটি দলকে চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটে খেলার সুযোগ দেওয়ায়। বিভিন্ন ফোরামে বেশ কবার বৈঠক করেছেন বিসিসিআইয়ের প্রধান এন শ্রীনিবাসন ও পিসিবির প্রধান জাকা আশরাফ। এবার আইপিএলের ফাইনালেও আমন্ত্রণ জানানো হয় আশরাফকে।পালা অনুযায়ী সিরিজটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি বাস্তবতার খাতিরেই। লাহোর হামলার পর থেকে পাকিস্তানে যাচ্ছে না কোনো দলই। ভারত আবার নিরপেক্ষ ভেন্যুতেও খেলতেও রাজি নয়। মরিয়া পাকিস্তান তবু ভারতের মাটিতে খেলতেও রাজি। অবশ্য এ জন্য রাজস্বের অর্ধেকটা দাবি করেছিল পিসিবি। তবে আইপিএলের প্রধান ও বিসিসিআই কর্মকর্তা রাজীব শুক্লা পাকিস্তানের জিয়ো টিভিকে বলেছেন, রাজস্বের ভাগ দেবে না বিসিসিআই। ওয়েবসাইট।