ডিসেম্বরেই দিনরাতের টেস্ট!
আইসিসি অনুমোদন দিয়েছে প্রায় বছর হতে চলল। কিন্তু মাঝেমধ্যে একটু-আধটু আলোচনা ছাড়া তা আটকে আছে সম্ভাবনা আর পরিকল্পনাতেই। অবশেষে দিবারাত্রির টেস্ট ম্যাচের একটি বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে। ডিসেম্বর-জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের অন্তত একটি টেস্ট হতে পারে দিবারাত্রির। এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসএলসি চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও প্রাথমিক সম্মতি জানিয়েছে বলেই খবর।
তবে দিবারাত্রির টেস্ট আয়োজনের মূল বাধা যেটি, এখানেও মূল প্রতিবন্ধক সেটাই। কোন রঙের ও কোন ব্র্যান্ডের বল দিয়ে খেলা হবে। গত অক্টোবরে আইসিসি দিবারাত্রির টেস্টের অনুমোদন দিয়ে ব্যাপারটি ছেড়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বী দুই দলের বোর্ডের ওপর। উপযুক্ত বল না পাওয়াতেই দিবারাত্রির টেস্ট এখনো আলোচনাতেই সীমাবদ্ধ হয়ে আছে। মূল কারণ একটাই—সূর্যের আলোয় ও কৃত্রিম আলোয় সমান দৃশ্যমান এবং টেকসই বল মেলেনি এখনো।
আনুষ্ঠানিক প্রস্তাবের কথা নিশ্চিত করে বল সমস্যাটার কথাটাও জানিয়েছেন পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার, ‘আমরা কৃত্রিম আলোয় একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছি। দিবারাত্রির টেস্ট ম্যাচ নিয়ে পরীক্ষায় আমরা খুবই উত্সাহী। আমাদের বিশ্বাস এতে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত হবে। আমাদের আলোচনার মূল বিষয় এখন বলের রং ও ব্র্যান্ড। ভেন্যুগুলো (শারজা, দুবাই ও আবুধাবি) নিশ্চিতভাবেই দিবারাত্রির টেস্ট ম্যাচের জন্য আদর্শ। ডিসেম্বর-জানুয়ারিতে ওখানে শিশিরের কোনো প্রভাবও থাকবে না।’
২০১১ সালের ডিসেম্বরে কায়েদে আজম ট্রফির ফাইনাল পাকিস্তান আয়োজন করেছিল কৃত্রিম আলোয়। আবুধাবিতে এমসিসি ও কাউন্টির চ্যাম্পিয়ন দলের মৌসুম সূচক ম্যাচটিও দিবারাত্রিরই হয়ে আসছে। এ বছর মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল হয়েছে দিনরাতের। পরীক্ষামূলকভাবে অন্যান্য দেশেও টুকটাক হয়েছে বড় দৈর্ঘ্যের ম্যাচ। সব ক্ষেত্রেই অসন্তুষ্টি ছিল বল নিয়ে। এএফপি ও ওয়েবসাইট।
তবে সারওয়ারের বিশ্বাস, বল এবার বাধা হবে না, ‘আমরা ডজন খানেক কমলা ও গোলাপি বল পাঠিয়েছি ওদের (এসএলসি) কাছে, যাতে তারা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। তবে কিছুই এখনো চূড়ান্ত হয়নি।’
শ্রীলঙ্কায় এখনো কোনো পর্যায়েই দিনরাতের বড় দৈর্ঘ্যের ম্যাচ হয়নি। তবে পাকিস্তানের প্রস্তাবে এসএলসি প্রধান জয়ন্তা ধর্মদাসাকেও ইতিবাচকই মনে হচ্ছে। তিনি বলেছেন, ‘অতীতে ৫০ ওভারের ক্রিকেট এসেছে, টি-টোয়েন্টি এসেছে। ভবিষ্যতে দিনরাতের টেস্ট আসবে। প্রথম দিনরাতের টেস্টের অংশ হওয়াটা ভালোই হবে। তবে ক্রিকেট কমিটি, নির্বাচক ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে আমাদের। এরপর দেখা যাক কী হয়।’
‘দেখা যাক’ কথাটাই এখানে গুরুত্বপূর্ণ। এর আগেও বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও যে শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি দিবারাত্রির টেস্ট।