স্কোরলাইনটা বিস্ময়কর। আরামবাগের কাছে তিন গোলে হারের টিম যে নয় শেখ জামাল! কিন্তু দুঃসময়ে পচা শামুকেও পা কাটে! গতবার অভিষেকেই বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের অবস্থা এখন সে রকমই।তবে কৃতিত্ব দাবি করছেন আরামবাগের ১০ নম্বর জার্সি গায়ে নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে। শেখ জামালের বিপক্ষে কাল ৩৭ মিনিটেই হ্যাটট্রিক করে ফেলেছেন। ৩-০ স্কোরলাইনটা ধরে রেখেই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়েছে আরামবাগ।গত লিগেও এই আরামবাগের কাছে প্রথম পর্বে হেরেছিল জামাল। ব্রাদার্সকে হারানোর পর এবার পঞ্চম ম্যাচে এটি আরামবাগের দ্বিতীয় জয়। ওদিকে পাঁচ ম্যাচে তিন হার, এক ড্র এবং এক জয়—১১ পয়েন্ট নেই শেখ জামালের! ফেডারেশন কাপজয়ীদের সামনে এখন শুধু হতাশার অন্ধকার।বিজেএমসির কাছে ৩-১ হার দিয়ে শুরু। ফরাশগঞ্জের বিপক্ষে ২-০ জয়, ফেনী সকারের সঙ্গে ১-১ ড্র হতেই চাকরি গেল কোচ সাইফুল বারীর। নতুন কোচ আবু ইউসুফের শুরু রহমতগঞ্জের কাছে ১-০ হারে। কাল সেই ক্ষতে আরও ঘা দিল আরামবাগ।কিংসলের প্রথম গোলটা কর্নার থেকে। জটলার মধ্যে হেডে লক্ষ্যভেদ। খানিক বাদেই সতীর্থ জোয়েল হেড থেকে পাওয়া বল আলতো শটে ২-০। তবে অনেকের চোখেই এটি ‘অফসাইড গোল’। তৃতীয় গোলটা মিশু-ইউসুফের নিদারুণ ব্যর্থতার মাশুল। দুজনের মাঝখান দিয়ে কিংসলের টোকায় ৩-০। মুক্তিযোদ্ধার সানডের পর এই লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।শেখ জামালের সভাপতি মনজুর কাদের ভিআইপি বক্সে বসে দেখলেন দলের ছন্নছাড়া অবস্থা। ক্ষোভে-দুঃখে বললেন, ‘কোচ পাল্টে কী হবে! খেলোয়াড়দের কোনো চেষ্টাই তো দেখি না। আগামী বছর দল গড়ব কি না, ভাবতে হবে। কী লাভ এত টাকার দল গড়ে! এখন রেলিগেশন যদি সেভ করা যায়, সেই ভালো!’লিগে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা চার ম্যাচেই জিতেছে। আবাহনী-শেখ রাসেল দুই জয় দুই ড্র। বিজেএমসি এক জয় দুই ড্র। জামালই আছে সবচেয়ে বাজে অবস্থায়।ব্রাজিলিয়ান এভারটনকে বিদায়ী কোচ সাইফুল বারী খেলাতেন না। তাঁর চাকরি যাওয়ার ওটা অন্যতম কারণ। নতুন কোচ দুই ম্যাচেই খেলালেন এভারটনকে। কিন্তু অহেতুক মাঠে দৌড়ঝাঁপ ছাড়া ওই মিডফিল্ডারের আর কোনো কাজ দেখা গেল না।হঠাৎ জ্বরে আক্রান্ত গোলরক্ষক আমিনুল এদিন মাঠের বাইরে। নাইজেরিয়ান ফেমিরও জ্বর। কেস্টারকে খেলাননি নতুন কোচ। দলটায় কিছু পরিবর্তন এনেও ইউসুফ কূলকিনারা পাচ্ছেন না। আর খেলোয়াড়েরা খেললেন দায়সারা ফুটবল। দুটি পাস ঠিকমতো খেলার আগে বল কেড়ে নিয়েছে প্রতিপক্ষ। তিন গোলে এগিয়ে গিয়ে আরামবাগ ১০ জন নিয়ে রক্ষণ সামলেছে।কোচ ইউসুফের চোখে হারের কারণ, ‘গোটা দলেরই মনোসংযোগের অভাব। বিদেশিদের মধ্যে এটা আরও বেশি। খেলা বাদ দিয়ে সবাই অন্য কিছু নিয়ে ব্যস্ত।’উচ্ছ্বসিত আরামবাগের কোচ শেখ জাহিদুর রহমানের কথা, ‘আগের তিন ম্যাচে হারায় খেলোয়াড়দের চাপে রেখেছিলাম। দিনটা আমাদের ছিল। বিশেষ করে, এটি কিংসলের দিন।’সত্যিই দিনটা কিংসলের!আরামবাগ: বিষ্ণু, দ্বীন মোহাম্মদ, ফয়সাল (জাকির), ডালিম, লিটন (শাহীন), পারভেজ, বিপ্লব, কিংসলে, গুডউইন, মোজেস, জোয়েল।শেখ জামাল: পিরু, ইউসুফ, মিশু (অরূপ), ইশা, রায়হান, রাজু, কমল (সোহেল রানা), সবুজ, অ্যালেন, এভারটন, ইয়োকো।