
দৃষ্টিসীমায় তীর নেই। ডুবছে তরি। তার পরও দাঁড় বাইছেন মাঝিরা, যতক্ষণ ভেসে থাকা যায়, বেঁচে থাকা যায় একটু বেশি সময়! ইংল্যান্ডের ইনিংসটা যেন সেই ডুবতে থাকা তরি। শেষ পর্যন্ত ডুবে যাওয়াই অনিবার্য নিয়তি। তার পরও একটু বেশি সময় টিকে থাকার চেষ্টা। অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয় স্রেফ সময়ের ব্যাপার। ইয়ান বেল ও বেন স্টোকসের ব্যাটে ম্যাচটা গড়িয়েছে শুধু পঞ্চম দিনে।
অ্যাশেজ হারানোর যন্ত্রণায় খানিকটা সান্ত্বনা বা স্বস্তি, কিছু অবশ্য হচ্ছে না তাতে। ম্যাচটি একটু দীর্ঘায়িত হয়েছে, এই তো! হারার আগে একটু লড়াই। শেন ওয়াটসনের ঝড়, এক ওভারে জর্জ বেইলির রানের রেকর্ড আর প্রথম বলেই অধিনায়ককে হারানো—এতসব ঝাপটার পরও ইংল্যান্ড লড়ে যাচ্ছে, সেটিকেই প্রাপ্তি মানতে পারে তারা! আজ শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২৫৩ রান, কিন্তু সেটি সম্ভবত ইংল্যান্ডের কারও সুদূরতম কল্পনাতেই নেই। কৌতূহল বরং ইংলিশদের বাকি ৫টি উইকেট নিতে আজ অস্ট্রেলিয়ার কত সময় লাগে। ছোট্ট ভস্মাধারটিতে দীর্ঘ চুমু এঁকে দিতে নিশ্চয়ই তর সইছে না মাইকেল ক্লার্কদের!
ইংল্যান্ড কাল ৭৬ রানে ৩ উইকেট হারানোর পর মনে হচ্ছিল কালই ক্লার্কের হাতে উঠবে ভস্মাধার। ক্যারিয়ারের প্রথম ‘গোল্ডেন ডাকের’ জন্য খুব আদর্শ সময় বেছে নিতে পারেননি অ্যালিস্টার কুক। ৫০৪ রান তাড়ায় রায়ান হ্যারিসের অসাধারণ এক ডেলিভারিতে ইনিংসের প্রথম বলেই বোল্ড ইংলিশ অধিনায়ক। এরপর ছোট ছোট জুটি হয়েছে। কিন্তু লক্ষ্য যখন বিশাল, প্রচেষ্টাও তেমনই হওয়া চাই! অ্যাশেজের সুবাস পাওয়ার অতি রোমাঞ্চেই হয়তো খুব ভালো বোলিং করতে পারেনি কাল অস্ট্রেলিয়ানরা। কিন্তু সেটা কাজে লাগাতেও পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। থিতু হওয়ার পরও লম্বা ইনিংস খেলতে পারেননি কারবেরি-রুট-পিটারসেন।
উইকেট উপহার দিয়ে এসেছেন এমনকি ইয়ান বেলও। তবে তার আগে পঞ্চম উইকেটে ৯৯ রানের জুটি গড়েছেন স্টোকসের সঙ্গে। ম্যাচটি এখনো বেঁচে আছে এই জুটির সৌজন্যেই। তরুণ অলরাউন্ডার স্টোকসের স্ট্রোকসমৃদ্ধ ইনিংসটি ইংলিশদের একটা প্রাপ্তি। আজ তিনি সেঞ্চুরি পেলে কিছু একটা পাবে দলও।
সকালে যেমন পেয়েছে অস্ট্রেলিয়া। দূর হয়েছে একটি দুশ্চিন্তা। দলের এই জয়যাত্রাতেও স্বরূপে ছিলেন না ওয়াটসন। তিনিও এখন সাফল্যের মিছিলের একজন। কাল ওয়াটসন ছিলেন টি-টোয়েন্টি মুডে। আগের দিন শেষ বিকেলে সতর্ক ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন ৬৬ বলে ২৯ রানে। কাল দিনের প্রথম ওভারেই গ্রায়েম সোয়ানকে মারলেন দুই চার, এক ছয়। খানিকপর সোয়ানের আরেক ওভারে তিন ছক্কায় ২২ রান। কাল ৪০ বলে ৭১ করে ছুঁলেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ইংলিশদের ভগ্ন মনোবল আরও গুঁড়িয়ে দিলেন জর্জ বেইলি। দলের সেরা বোলার জেমস অ্যান্ডারসনকে বেছে নিলেন এক ওভারে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ছোঁয়ার জন্য! লিড ৫০০ ছাড়াতেই ক্লার্কের ইনিংস ঘোষণা।
ভস্মাধার হাতে নিজের ছবিটা নিশ্চয়ই তখনই দেখতে পাচ্ছিলেন ক্লার্ক। তার পরও অপেক্ষাটা বাড়ল একটি রাত। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১, ওয়েবসাইট।
টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান
রান ব্যাটসম্যান বোলার ম্যাচ ভেন্যু মৌসুম
২৮ ব্রায়ান লারা (৪৬৬৪৪৪) রবিন পিটারসন ও. ইন্ডিজ-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০৩-০৪
২৮ জর্জ বেইলি (৪৬২৪৬৬) জেমস অ্যান্ডারসন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্থ ২০১৩-১৪
২৭ শহীদ আফ্রিদি (৬৬৬৬২১) হরভজন সিং পাকিস্তান-ভারত লাহোর ২০০৫-০৬
২৬ ক্রেগ ম্যাকমিলান (৪৪৪৪৬৪) ইউনিস খান নিউজিল্যান্ড-পাকিস্তান হ্যামিল্টন ২০০০-০১
২৬ ব্রায়ান লারা (৪০৬৬৬৪) দানিশ কানেরিয়া ও. ইন্ডিজ-পাকিস্তান মুলতান ২০০৬-০৭
২৬ মিচেল জনসন (৪৪৬০৬৬) পল হ্যারিস অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০৮-০৯