ডুমিনি জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

৫১ রানের লড়াকু ইনিংস খেলে দলকে সম্মানজনক একটা সংগ্রহ এনে দিয়েছিলেন জে পি ডুমিনি। তখনো বোঝা যায়নি এটাই হবে দক্ষিণ আফ্রিকার জয়েরও পুঁজি। টি-টোয়েন্টিতে মাত্র ১১৫ রান নিয়ে জয়ের আশা করা যে সত্যিই দুঃসাধ্য। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেটাই সম্ভব হলো ডুমিনির অলরাউন্ড নৈপুন্যে। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করে মাত্র ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন ডুমিনি। দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১২ রানের জয়। ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছে ১০৩ রানে।দক্ষিণ আফ্রিকান বোলারদের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার স্কোরবোর্ডটা যেন পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। ওপেনার কুশাল পেরেরা (১১) ও কুমার সাঙ্গাকারা (৫৯) ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। পুরোটা সময় প্রায় একাই লড়াই চালিয়েছেন সাঙ্গাকারা। কিন্তু আর কোনো লঙ্কান ব্যাটসম্যানই তাঁকে সঙ্গ দিতে পারেননি। উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে শুধু সতীর্থদের আসা-যাওয়াই দেখেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৫৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত থাকলেও জয় এনে দিতে পারেননি দলকে।ডুমিনির পাশাপাশি দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকার জয়ে বেশ বড় অবদান রেখেছেন মরনে মরকেল ও ওয়েইন প্রানেল। দুজনেই পেয়েছেন দুইটি করে উইকেট।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। টানা তিন ওভারে কুইনটন ডি কক, হেনরি ডেভিস ও অধিনায়ক ডু প্লেসিসের উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কান অফস্পিনার সেনানায়েকে। ১১তম ওভারে আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স যখন সাজঘরের পথ ধরেন, তখন দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৫০ রান। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ডুমিনি ও ডেভিড মিলার। পঞ্চম উইকেটে তাঁরা গড়েন ৫৬ রানের জুটি। ১৯তম ওভারে মালিঙ্গার শিকারে পরিণত হওয়ার আগে মিলারের ব্যাট থেকে এসেছিল ২৫ রান। ৫১ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন ডুমিনি।