ডুমিনির ব্যাটে দক্ষিণ আফ্রিকা ১১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
South-Africa
South-Africa

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ হারের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালোভাবে করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫০ রানেই চার উইকেট পতনের পর প্রোটিয়ারা ১০০ পেরোতে পারবে কি না, তা নিয়েই হয়তো সংশয়ে ছিলেন অনেকে। শেষ পর্যন্ত যে স্কোরটা ১১৫ রান পর্যন্ত গেছে, তার পুরো কৃতিত্ব জেপি ডুমিনির। ৫১ রানের লড়াকু ইনিংস খেলে দলকে সম্মানজনক একটা সংগ্রহ এনে দিয়েছেন এই বামহাতি ব্যাটসম্যান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। টানা তিন ওভারে কুইনটন ডি কক, হেনরি ডেভিস ও অধিনায়ক ডু প্লেসিসের উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কান অফস্পিনার সেনানায়েকে। ১১তম ওভারে আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স যখন সাজঘরের পথ ধরেন, তখন দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৫০ রান। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ডুমিনি ও ডেভিড মিলার। পঞ্চম উইকেটে তাঁরা গড়েন ৫৬ রানের জুটি। ১৯তম ওভারে মালিঙ্গার শিকারে পরিণত হওয়ার আগে মিলারের ব্যাট থেকে এসেছিল ২৫ রান। ৫১ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন ডুমিনি।