ডুমিনির হ্যাটট্রিক, শ্রীলঙ্কা শেষ ১৩৩ রানেই

এমন স্কোরকার্ড স্বপ্নেও ভাবেননি লঙ্কান সমর্থকেরা। পুরো বিশ্বকাপে যে দল নিজেদের ব্যাটিং-শক্তির প্রদর্শন ঘটিয়েছে নিপুণভাবে, আজ কোয়ার্টার ফাইনালে এসেই কিনা তাদের ভগ্নদশা! দক্ষিণ আফ্রিকা শক্তিধর প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তাই বলে ১২৭ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে বসা-উল্টো করে বললে এমন কিছু বোধ হয় দক্ষিণ আফ্রিকার জন্যও অভাবনীয়!
জেপি ডুমিনি। এই প্রোটিয়ার নামটি বিশ্বকাপ ইতিহাসে অমর হয়েই থাকবে। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে তিনি যে আজ করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক! এই অফব্রেক বোলারের হ্যাটট্রিক আর ইমরান তাহিরের দুর্দান্ত লেগব্রেকে দিশেহারা শ্রীলঙ্কান ইনিংস শেষ হয়েছে ১৩৩ রানে ৩৭.২ ওভারেই।
বিপর্যয় আসলে লঙ্কানদের সঙ্গে আষ্টে-পৃষ্ঠে লেপ্টে ছিল ইনিংসের শুরু থেকেই। প্রথমেই কাইল অ্যাবটের বলে কুইন্টন ডি ককের এক ডাইভিং ক্যাচে ফিরতে হলো উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরাকে। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই নিজের উইকেট দিয়ে এলেন তিলকরত্নে দিলশান। এরপর তৃতীয় উইকেটে কুমার সাঙ্গাকারা লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ লড়লেন। ৬৫ রানের জুটি গড়ে দিলেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও। কিন্তু বিধি বাম। লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর পথ বন্ধুর করে দেন ইমরান তাহির। থিরিমান্নে আর মাহেলা জয়াবর্ধনেকে খুব অল্প সময়ের ব্যবধানে ফিরিয়ে দিয়ে লঙ্কানদের ফেলেন আরও বড় বিপর্যয়ের মধ্যে।
বিপর্যয়ের আরও বাকি ছিল। স্কোর ৪ উইকেটে ১১৪ থেকে হঠাৎই ৮ উইকেটে ১১৬। ইনিংসের তেত্রিশতম ওভারের শেষ বলে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ডু প্লেসির ক্যাচে ফেরান ডুমিনি। পরের ওভারেই ইমরান তাহির বিদায় ঘণ্টা বাজান থিসারা পেরেরার। এই ওভারে আর কোনো অঘটন না ঘটলেও নিজের হ্যাটট্রিকটি তুলে নেন ডুমিনি ম্যাচের ৩৫ তম ওভারের প্রথম দুই বলেই। ফেরান নুয়ান কুলাসেকেরা ও থারিন্ডু কুশালকে। সঙ্গে সঙ্গে ইতিহাসের পৃষ্ঠায় নিজের নামটিও লিখে ফেলেন তিনি। শ্রীলঙ্কাও পরিণত হয় ভয়ংকর-দর্শন এক কঙ্কালে!
এক প্রান্তে দাঁড়িয়ে প্রাণপাত লড়াই চালিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। এই বিশ্বকাপেই টানা চারটি সেঞ্চুরি করা সাঙ্গাকারার ব্যাট থেকে আজও এসেছে ৪৫ রান। কিন্তু এই ইনিংস ছিল তাঁর স্বভাববিরুদ্ধ, দলের বিপর্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি নবম ব্যাটসম্যান হিসেবে যখন মরকেলের বলে ডেভিড মিলারের ক্যাচ হন, তখন সিডনির আকাশ কাঁদছে।
বৃষ্টি এসে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করে দিলেও খেলা আবার শুরু হয়েছে। খেলা শুরুর সঙ্গে সঙ্গেই লাসিথ মালিঙ্গা ক্যাচ দিলেন মিলারকে, ওই ইমরান তাহিরের বলে। লঙ্কানদের এভাবে শেষ করে দেওয়ার পর ম্যাচের বাকিটা এখন প্রোটিয়াদের জন্য এক প্রকার আনুষ্ঠানিকতাই।
হ্যাটট্রিক করে ডুমিনি আজ প্রোটিয়াদের হিরো হলেও ইমরান তাহির কিন্তু কম যান না। ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন আসলে তিনিই। ডুমিনির দখলে ওই হ্যাটট্রিকের তিনটিই। মরকেল, অ্যাবট, স্টেইন-প্রোটিয়া পেস ব্যাটারির ঝুলিতে গেছে একটি করে উইকেট। কোনো দক্ষিণ আফ্রিকান বোলারকেই করতে হয়নি কোটার দশটি ওভার।