১৯৬০ সালে প্রথম উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপটা যখন বাস্তবে মাঠে গড়িয়েছিল, তখন আসলে পূরণ হয়েছিল হেনরি ডুলানির আজন্ম লালিত স্বপ্ন। দীর্ঘদিন ফ্রান্স ফুটবল ফেডারেশনের অগ্রণী ব্যক্তি হিসেবে কাজ করা ডুলানিই ১৯২৭ সালে প্রথমবারের মতো প্রস্তাব করেছিলেন ইউরোপীয় দেশগুলোকে নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা আয়োজনের। এরপর থেকে তাঁর স্বপ্নের বাস্তব ভিত্তি দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও সফল হননি তিনি। ১৯৫৫ সালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর তিন বছর পরে, ১৯৫৮ সালে সিদ্ধান্ত হয় ইউরোপীয় দেশগুলোকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপীয় নেশনস কাপ আয়োজনের। ১৯৬০ সালে মাঠে গড়ানো এই প্রতিযোগিতার প্রথম আসরটি কেবল ডুলানির স্মরণেই আয়োজিত হয়েছিল তাঁর দেশ ফ্রান্সে। শিরোপা-জয়ী দলকে যে ট্রফিটি দেওয়া হয়, তাতেও ছিল ডুলানির নাম। প্রথম আসরে এক উত্তেজনাপূর্ণ ফাইনালে যুগোস্লাভিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের শিরোপাটা জিতেছিল তত্কালীন সোভিয়েত ইউনিয়ন।তৃতীয় আসর (১৯৬৮) থেকে প্রতিযোগিতাটির নাম দেওয়া হয় উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। এখন অবশ্য সালভিত্তিক নামকরণের প্রচলন হয়েছে। একে এখন ইউরো চ্যাম্পিয়নশিপ হিসেবেও পরিচিতি দেওয়া হয়েছে। আর মাত্র ১৬ দিন পর থেকে পোল্যান্ড ও ইউক্রেনের মাটিতে শুরু হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ও মর্যাদাকর এই ফুটবল আসর। স্বাগতিক দুই দেশ ছাড়াও এবারের আসরে অংশ নিতে যাচ্ছে ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, ইতালি, জার্মানি, হল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড, রাশিয়া, সুইডেন ও গতবারের শিরোপা-জয়ী স্পেন। চারটি করে গ্রুপে ভাগ হয়ে প্রথমে গ্রুপ পর্বে অংশ নেবে মোট ১৬টি দেশ। গ্রুপের প্রতিটি দলের মুখোমুখি লড়াইয়ের পর গ্রুপ তালিকার শীর্ষ দুটি করে দল অংশ নেবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল এবং চূড়ান্ত ও অন্তিম লড়াই, ফাইনাল। এখানেই নির্ধারিত হবে, কোন দেশ পাবে আগামী চার বছরের জন্য ইউরোপ-সেরার খেতাব।বিগত ১৩টি আসরের ইউরো কাপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মোট নয়টি দেশ। সবচেয়ে বেশি, তিনবার শিরোপা জিতেছে জার্মানি। ফ্রান্স ও স্পেন শিরোপার দেখা পেয়েছে দুবার করে। আর একবার করে জিতেছে ইতালি, চেকোস্লোভাকিয়া, হল্যান্ড, ডেনমার্ক, গ্রিস ও তত্কালীন সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত টানা দুটি শিরোপা জিততে পারেনি কোনো দেশই। ব্যাপারটি কিন্তু ইউরো আসরের তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকটিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ইউরোর সর্বশেষ শিরোপা জেতা স্পেনের সামনে কিন্তু এবার নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগটা থেকেই যাচ্ছে। ইউরো জেতার পর বিশ্বকাপ জিতে নিয়ে স্পেন ইতিমধ্যেই বিশ্বের এক নম্বর দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দলটিতে রয়েছে অসম্ভব প্রতিভাবান একঝাঁক ফুটবলার—যা অন্যদের চেয়ে স্পেনকে একটু আলদা করেই রেখেছে। শক্তির বিচারেও স্পেন এগিয়ে আছে অনেকের চেয়ে। এবারের ইউরোয় নিশ্চিতভাবেই তারা বিবেচিত হবে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে। এখন যদি তারা এক মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসতে পারে, তাহলে স্পেনই হবে টানা দুটো ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম দল।