ডেইনার ‘ফেরা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারাই গেছেন ২৩ বছর হয়ে গেল। কিন্তু পোলিশরা যে সে দেশের ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান ফুটবলারকে এখনো ভোলেনি, সেটাই প্রমাণিত হলো পরশু। ইউরো আয়োজনের উৎসবের মধ্যে কাজিমিয়ের্শ ডেইনার দেহাবশেষ নতুন করে সমাহিত করা হলো পোল্যান্ডে। তাঁর প্রাণের ক্লাব লেজিয়া ওয়ারশ স্টেডিয়ামের সামনে উন্মোচন করা হলো একটি মূর্তিও। আর এই আয়োজনে হাজির হয়েছিল কয়েক হাজার পোলিশ। যুক্তরাষ্ট্রে ফুটবল খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সেখানেই সমাহিত করা হয়েছিল ডেইনাকে। সমাধি-অনুষ্ঠান পরিচালনা করা ওয়ারশ চার্চের যাজক বুগসল কোয়ালস্কি বললেন, ‘এ মুহূর্তটির জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। ডেইনা ছিলেন একটা স্তম্ভ, কিংবদন্তি ফুটবলার, সত্যিকারের নায়ক।’ এএফপি।