ডেকান চার্জার্সের লক্ষ্য ১৭০ রান
জয়ের জন্য ডেকান চার্জার্সকে ১৭০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচের মতো আজকেও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে গৌতম গম্ভীরের কলকাতা।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ডেকান চার্জার্সের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের যথার্থতা ভালোভাবে প্রমাণ করতে পারেননি বোলাররা। উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করে ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন ওপেনার ইয়ন মরগান (১৪)। দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার জ্যাক ক্যালিস ও অধিনায়ক গৌতম গম্ভীর। অমিত মিশ্র ও প্রজ্ঞান ওঝার ঘূর্ণির ফাঁদে পড়ে পর পর ২ ওভারে একে একে সাজঘরমুখী হন ক্যালিস (৩০) ও গম্ভীর (৩৫)। চতুর্থ উইকেটে ঝোড়ো ব্যাট চালিয়ে মাত্র ৮ ওভারে ৮০ রান যোগ করেন ইউসুফ পাঠান ও মনোজ তিওয়ারি। ২৬ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইউসুফ। তিওয়ারি করেন ৩৩ রান।