ডেকানের দ্বিতীয় জয়
আরেকটি জয়ের দেখা পেল ডেকান চার্জার্স। পুনের বিপক্ষে আজকের ১৩ রানের জয়ের পরও আইপিএলের পয়েন্ট তালিকার তলানিতেই থাকল কুমার সাঙ্গাকারার দল।নিজেদের নবম ম্যাচে এটি ডেকানের দ্বিতীয় জয়। টানা ছয় ম্যাচ পর গত ২৬ এপ্রিল প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দলটি। ওই জয়টা ছিল পুনের বিপক্ষেই। এ ম্যাচে ডেকানের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক সাঙ্গাকারা ও ক্যামেরুন হোয়াইট। তৃতীয় উইকেটে তাঁদের ১৫৭ রানের জুটিতে ৪ উইকেটে ১৮৬ রানের বড় স্কোর দাঁড় করায় ডেকান। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৫ উইকেটে ১৭৩ রান তোলে পুনে।এ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাঙ্গাকারা। অধিনায়কের সিদ্ধান্তের মান অবশ্য রাখতে পারেননি উদ্বোধনী দুই ব্যাটসম্যান। কোনো রান সংগ্রহের আগেই পার্থিব প্যাটেলের উইকেট হারিয়ে বসে ডেকান। দলীয় ২৩ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের।গ্যালারি জুড়ে তখন পুনে সমর্থকদের উচ্ছ্বাস। কিন্তু দ্রুতই দৃশ্যপট পাল্টে দেন সাঙ্গাকারা ও হোয়াইট। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়েন পুনের বোলাররা। গ্যালারিতে পুনে সমর্থকদের বদলে তখন ডেকান সমর্থকদের উচ্ছ্বাস।ডেকানের তৃতীয় উইকেটের দেখা পেতে ১৮০ রান পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় পুনেকে। নেহেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৮২ রানে থাকা সাঙ্গাকারা। ঠিক পরের বলেই আউট হন ৭৪ রানে থাকা হোয়াইট।১৮৭ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় পুনে। ইনিংসের প্রথম বলে আউট হন পাণ্ডে। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় দলটি। প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই ভালো খেলেন। কিন্তু সাঙ্গাকারা ও হোয়াইট যে ব্যবধানটা গড়ে দিয়েছিলেন, সেটা পূরণ করতে পারেননি পুনের ব্যাটসম্যানরা। দলের হয়ে মাইকেল ক্লার্ক ৪১, অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ৪৫, স্টিফেন স্মিথ অপরাজিত ৪৭ ও রবিন উথাপ্পা ২৬ রান করেন। সূত্র: ওয়েবসাইট।