ডেকোর অনুশোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরিকোস্টের সঙ্গে গোলশূন্য ড্র করে স্বভাবতই হতাশ ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল পর্তুগালের খেলোয়াড়েরা। কোচ কার্লোস কুইরোজের সিদ্ধান্তের সমালোচনা করে সেই হতাশার বহিঃপ্রকাশ করেছিলেন মিডফিল্ডার ডেকো। সংবাদমাধ্যমে ডেকো বনাম কুইরোজ দ্বন্দ্বটা কেবল যখন জমে উঠেছে, তখনই এক বিবৃতি দিয়ে ডেকোই আবার দাবি করলেন, কোচের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। খেলার ৬২ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল ডেকোকে। ম্যাচ শেষে এ প্রসঙ্গেই ডেকো সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাকে কেন তুলে নেওয়া হলো, কোচকে জিজ্ঞেস করুন। আমার তো কোনো সমস্যা ছিল না। উনি আমাকে বললেন, ডান উইংয়ে খেলার জন্য। যেটা আমি আমার ক্যারিয়ারে কখনোই করিনি, আমি তো উইঙ্গার নই! এরপর তিনি আমাকে তুলে নিলেন।’এ ছাড়া আইভরিকোস্টের বিপক্ষে কোচের কৌশল ও বদলি খেলোয়াড় বাছাইয়েরও সমালোচনা করেছিলেন ডেকো। কিন্তু পর্তুগিজ ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতিতে ডেকো নিজে বলছেন, ‘উত্তেজনার বশে’ তিনি এসব কথা বলে ফেলেছেন, ‘আসলে আমার সঙ্গে কোচের কখনোই কোনো সমস্যা ছিল না। তাঁর নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলারও কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ কিন্তু সমালোচনার তীর তো ডেকো ছুড়েই ফেলেছেন! রয়টার্স।