ডেনমার্ক-জাপান ‘ফাইনাল’ আজ
একটি স্বপ্ন নিয়ে একই বিন্দুতে দাঁড়িয়ে জাপান আর ডেনমার্ক। দুটি দলকেই হাতছানি দিয়ে ডাকছে দ্বিতীয় রাউন্ড। চোখে স্বপ্নের মায়াঞ্জন এঁকে দুটি দলই ডুব দিচ্ছে অতীতে।রাস্টেনবার্গে মুখোমুখি হওয়ার আগে অতীত থেকে কী খুঁজছে জাপানি আর ড্যানিশরা? ড্যানিশদের আছে ১৯৮৬ বিশ্বকাপ। আর জাপানিদের ২০০২। এই দুই বিশ্বকাপের সাফল্য রোমন্থন করে প্রেরণা খুঁজছে ডেনমার্ক ও জাপান। ছিয়াশিতে বিশ্বকাপে প্রথম পা রাখে ডেনমার্ক। বিশ্বকাপ অভিষেকেই চমকে দেয় সবাইকে। গ্রুপ পর্বের তিন ম্যাচে স্কটল্যান্ড, পশ্চিম জার্মানি ও উরুগুয়েকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ড্যানিশরা।তবে ছিয়াশিতে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেনি তারা; কিন্তু আটানব্বইয়ে পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে। এর পরও আজ জাপানের বিপক্ষে ম্যাচের আগে ছিয়াশিই প্রেরণা ডেনমার্কের। ছিয়াশিতে গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ৬-১ গোলে জিতেছিল ড্যানিশরা। সেই ম্যাচের অধিনায়ক মরটেন ওলসেন এখন ডেনমার্কের কোচ। আজ ‘অবশ্যই জিততে হবে’ ম্যাচের আগে দলের কাছ থেকে উরুগুয়ের সেই ম্যাচের মতো আরেকটি পারফরম্যান্স দেখতে চান ওলসেন, ‘আজ আমি আমার খেলোয়াড়দের থেকে ছিয়াশির সেই ম্যাচের মতো আক্রমণাত্মক পারফরম্যান্স চাই। আমরা জানি যে আমাদের কী করতে হবে। খেলা তো এমনই। আমাদের শুধু আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে।’আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নিতে সোনালি অতীতে ফিরে তাকাচ্ছে জাপানিরাও। এ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছে এশিয়ার এই দেশটি। একবারই মাত্র দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে, সেটা ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে। তাদের চোখে তাই ভেসে উঠছে ২০০২ বিশ্বকাপ।জাপানের হিসাবটা অবশ্য সহজ। শুধু ড্র করলেই চলবে। এ কারণেই অলআউট আক্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ডেনমার্ক। জাপান সেই আক্রমণ ঠেকানোর প্রেরণা খুঁজতেই নিজেদের সেরা সাফল্যের কথা স্মরণ করছে।২০০২ সালে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত ৪টি ম্যাচ খেলে মাত্র ৩টি গোলই খেয়েছিল জাপান। সেবার ভালোই খেলেছিল জাপানের রক্ষণ। এবার ডেনমার্কের আক্রমণ ঠেকাতে সেই রক্ষণ-দৃঢ়তা নিয়েই ড্যানিশদের মুখোমুখি হতে চায় জাপান। এই যেমন নিকলাস বেন্টনারের মতো দুর্দান্ত স্ট্রাইকারকে থামাতে বিশেষ পরিকল্পনাও করে রেখেছে জাপানিরা। জাপান ডিফেন্ডার ইয়জি নাকাজাওয়া যেমন বললেন, ‘বেন্টনারকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। আমাদের ভয় পেলে চলবে না।’ জাপানের কোচ তাকেশি ওকাদা খেলোয়াড়দের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন নিজ দেশের বিশ্বকাপে, ‘আমরা ২০০২ বিশ্বকাপের সাফল্যের কথা ভাবছি। সেখান থেকেই প্রেরণা খুঁজছি।’জাপান-ডেনমার্ক ম্যাচের ডামাডোলে এই গ্রুপের হল্যান্ড-ক্যামেরুন ম্যাচটি হারিয়েই যেতে বসেছে। এর একটি কারণও আছে—প্রথম দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে হল্যান্ড। আর ক্যামেরুনের বাদ পড়াও নিশ্চিত হয়ে গেছে দু ম্যাচের দুটিতেই হারায়।এর পরও অবশ্য হল্যান্ড ছাড় দিতে রাজি নয় ক্যামেরুনকে। তিনটি গ্রুপ ম্যাচই জিততে চায় ডাচরা। ২০০৮-এর ইউরো আর ২০০৬ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ার পর বেঞ্চের শক্তি পরীক্ষা করতে গিয়ে তৃতীয় গ্রুপ ম্যাচে হেরেছিল হল্যান্ড। এবার ডাচরা পরাজয় দেখতে চায় না। পুরো শক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়তে চায় ক্যামেরুনের বিপক্ষে। চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই হয়তো মাঠে ফিরবেন আরিয়েন রোবেন।