ডেনমার্ক বলেই চিন্তা জার্মানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ বন্ধ করেই ডেনমার্কের বিপক্ষে জার্মানিকে ফেবারিট বলতে পারেন আপনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে তিনে জার্মানি। নয়ে ডেনমার্ক। অতীত লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে জার্মানরা। ২৫ ম্যাচে তাদের জয় যেখানে ১৪টি, সেখানে ডেনিশরা জিতেছে আটবার। চলতি ইউরোও দেখিয়েছে জার্মানি কতটা এগিয়ে। দুই ম্যাচের দুটিই জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে বাছাইপর্বে দশে দশ পাওয়া জার্মানি। আর এক জয় নিয়ে একই গ্রুপের তিনে ডেনমার্ক। তার পরও ইউক্রেনের লেভাভে আজ যখন ওজিল, গোমেজ, শোয়েনস্টাইগাররা মাঠে নামবেন—একটা চাপ জার্মানির থাকবে। আর এই চাপটার নামই ডেনমার্ক, যাদের ১৬ বছরেরও বেশি সময় ধরে হারাতে পারেনি বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানরা!এ সময়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। দুটিতে জিতেছে ডেনমার্ক। একটি হয়েছে ড্র। ইউরোয় সর্বশেষ ডেনমার্ক-জার্মানি সাক্ষাৎ ১৯৯২ সালে। ফাইনালে জার্মানদের হারিয়েই সেবার স্বপ্নিল সাফল্যের সমাপ্তি টেনেছিল ডেনিশরা। সে কথা নিশ্চয়ই ভুলে যায়নি জার্মানরা। ম্যাচের আগে তাই দলকে সতর্কই করছেন জোয়াকিম লোর সহকারী হানসি ফ্লিক, ‘ভালো একজন কোচ আছে ডেনমার্কের। তাদের খেলার ধারাটাকেই মাঠে অনুবাদ করে তারা। জমাট রক্ষণ থেকে দ্রুত উঠে যায় পাল্টা-আক্রমণে। ম্যাচের আগে তারা চাপ অনুভব করে বলেও মনে হয় না, যেমনটা চাপ অনুভব করতে দেখা যায় অন্যদের।’প্রতিপক্ষ ডেনিশদের নিয়ে ‘ফেবারিট’ জার্মানদের অস্বস্তি থাকতে পারে। তবে এই ম্যাচের আগে জার্মানদের হাতে সহজ সমীকরণই। শেষ আটে উঠতে দরকার মাত্র ১ পয়েন্ট। তবে ১ নয়, পূর্ণ ৩ পয়েন্টই পাওয়ার চিন্তা জার্মানদের মাথায়। চিন্তা লুকাস পোডলস্কিকে নিয়েও। প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকা জার্মান এই স্ট্রাইকার আজ মাঠে নামলে জাতীয় দলের হয়ে এটি হবে তাঁর শততম ম্যাচ। গোল করেই মাইলফলক ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান ২৭ বছর বয়সী পোডলস্কি, ‘ব্যাপারটা খুবই পরিষ্কার, আক্রমণে আমার কাছে সবাই আরও বেশি আশা করে। আমিও আমার কাছ থেকে আরও বেশি পেতে চাই। প্রথম দুই ম্যাচে আমার কাজ ছিল রক্ষণটাকে নিরাপদ রাখা। আমার ওপর এটাই ছিল দলের কৌশলগত নির্দেশ, যেটি আমি পূরণ করেছি।’ গত দুই ম্যাচে জার্মানির সাফল্যের পেছনে পোডলস্কির এই ভূমিকাকেও বড় করে দেখছেন সহকারী কোচ হানসি ফ্লিক।দুটি হলুদ কার্ড দেখায় আজ জার্মান ডিফেন্ডার জেরোম বোয়াটেং খেলতে পারবেন না। সম্ভবত তাঁর জায়গা নেবেন লার্স বেনডার। পর্তুগালের বিপক্ষে চোট পাওয়ায় অভিজ্ঞ উইঙ্গার ডেনিস রোমেডালকে মিস করবে ডেনমার্কও। রয়টার্স ও ওয়েবসাইট।