ডেনমার্ককে ২-০ গোলে হারালো নেদারল্যান্ড
‘ই’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে নেদারল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ড্যানিশ ডিফেন্ডার সিমন বুশ পোলসেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নিগেল ডি জংয়ের পাস থেকে নেদারল্যান্ডকে ২-০ গোলে এগিয়ে নেন ডির্ক কিউট।নেদারল্যান্ড ও ডেনমার্কের মধ্যকার খেলাটি দর্শকদের মন ভরাতে পারেনি। নেদারল্যান্ডের গোল দুটি ছাড়া কোনো দলই পরিষ্কার কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে, খেলার ৩৫ মিনিটের সময় ডেনমার্ক গোল করে এগিয়ে যেতে পারত। ডেনিস রোমেদাল একটি লম্বা থ্রু থেকে বল পেয়ে যান নেদারল্যান্ডের বক্সের কাছাকাছিই। রোমেদালের শট সোজা ডাচ গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গের হাতে জমা হয়। এর দুই মিনিট আগে ডেনমার্কের নিকোলাস বেন্টনার চমত্কারভাবে বল টমাস কালেনবার্গের দিকে বাড়ালে, কালেনবার্গ দুরূহ কোণ থেকে কালেনবার্গের নেওয়া শট নেদারল্যান্ডের গোলরক্ষক স্টেকেলেনবার্গ ফিরিয়ে দেন। ২১ মিনিটের সময় রাফায়েল ফন ডার ভার্ট ও ফন পার্সির একটি সম্মিলিত আক্রমণ থেকে গোল করার সুযোগ পেয়েছিল নেদারল্যান্ড। কিন্তু ফন ডার ভার্টের শট ড্যানিশ ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।নেদারল্যান্ড আজকের খেলার আরিয়েন রোবেনের অভাব দারুণভাবে অনুভব করছে। স্নাইডার ও ফন পার্সির উপস্থিতিও আজকের ম্যাচে খুব একটা উজ্জ্বল নয়। ডাচ তারকা ফুটবলাররা আজ একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁদের খেলায় জোহানেসবার্গের উচ্চতার প্রভাব খুব স্পষ্ট।